দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশ

দেশের সব মসজিদে জুমার নামাজ একই সময় আদায় করতে নির্দেশ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

রোববার ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি সংস্থার সব বিভাগীয় পরিচালক ও জেলা উপপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, জুমার দিন সর্বাপেক্ষা বরকতময় ও মর্যাদাসম্পন্ন দিন। সপ্তাহের শ্রেষ্ঠ এই দিনে বিশেষ সময়ে বরকত ও কল্যাণ নিহিত রয়েছে। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, হে বিশ্বাসীরা, জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং বেচাকেনা পরিত্যাগ কর। এটি তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বুঝতে পারো” (সুরা জুমা, আয়াত: ৯)।

ইসলামিক ফাউন্ডেশনের ভাষ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন মসজিদে বিভিন্ন সময়ে জুমার নামাজ আদায় করা হয়। কোথাও দুপুর ১টায়, কোথাও ১টা ৩০ মিনিটে, আবার কোথাও ১টা ৫০ মিনিটে। সময়ের এই তারতম্যের কারণে অনেক সময় মুসল্লিরা, বিশেষ করে সফররত বা পথচারীরা বিভ্রান্ত হন ও সমস্যার মুখে পড়েন।

এ পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে চিঠিতে বলা হয়, ‘দেশব্যাপী ভাবে দুপুর ১টা ৩০ মিনিটে জুমার নামাজ আদায়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ইসলামিক ফাউন্ডেশন মনে করে সময়ে জুমার নামাজ আদায়ের মাধ্যমে মুসল্লিদের মধ্যে শৃঙ্খলা ও সমন্বয় প্রতিষ্ঠা সম্ভব হবে।

All Categories