দেশে আসেন, দেখা হবে রাজপথে: শেখ হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, “তারা বলে ডিসেম্বর মাসে দেশে আসবে। আমরা অপেক্ষা করে আছি। দেশে আসেন, রাজপথে দেখা হবে।”
বুধবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বক্তব্যে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, “আমরা তো আওয়ামী লীগ হতে পারব না, হতেও চাই না। তাদের কোনো অনুশোচনা নেই।”
জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো আন্দোলনে আত্মাহুতি দেওয়া ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা।
তিনি বলেন, “বাংলাদেশের এই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো জুলাইতে যারা আত্মাহুতি দিয়েছে, সেই সব পরিবারের রক্ষণাবেক্ষণ করা।”
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।