দেশ বদলাতে হলে একক নির্দেশে নয়, টিম হয়ে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের উন্নয়ন ও পরিবর্তন সাধন করতে হলে একক নির্দেশনায় নয়, বরং সবাইকে নিয়ে একটি সম্মিলিত টিম হিসেবে কাজ করতে হবে। তিনি আরও বলেন,বাংলাদেশে যত টিম রয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিম হলো পুলিশ।

আজ সোমবার তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টা কার্যালয়ে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে তিনি এসব মন্তব্য করেন। বৈঠকে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার গুরুত্ব তুলে ধরে বলেন, দেশ বদলাতে হলে একক নির্দেশে নয়, বরং সবাইকে নিয়ে এক একটি টিম হয়ে কাজ করতে হবে। সরকারের সকল উদ্যোগ শেষ পর্যন্ত পুলিশের মাধ্যমেই বাস্তবায়িত হয়। তারা কাজের পরিবেশ সৃষ্টি করে দেয়, যা ছাড়া কোনো কাজই সফল হতে পারে না।

ড. ইউনূস বলেন অন্তর্বর্তী সরকারের হাতে খুব বেশি সময় নেই। ইতোমধ্যে আমরা সাত মাস পার করেছি। ডিসেম্বরে নির্বাচন হওয়ার কথা। এ সময়ের মধ্যে যেকোনো সংস্কার সম্পন্ন করতে হবে। আমরা সবাই জানি সংস্কারের প্রয়োজনীয়তা। কিন্তু এই কাজগুলো আর কারো জন্য অপেক্ষা করে করা যাবে না। আমাদের এগিয়ে যেতে হবে এবং এসব সংস্কার প্রতিষ্ঠিত করতে হবে।

তিনি আরও বলেন, পুলিশের মাধ্যমে আইন ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা সম্ভব। পুলিশের হাতেই এই কাজটি এক্সিকিউট করতে হবে। যদি পুলিশ সঠিকভাবে পরিবেশ সৃষ্টি করতে না পারে, তবে সরকার, গণতন্ত্র, নাগরিক অধিকার কিছুই থাকবে না। আইনশৃঙ্খলা না থাকলে যত বড় বড় পরিকল্পনা হোক, যত অর্থই থাকুক, তা কোনো কাজে আসবে না।

পুলিশ বাহিনীর ভূমিকার বিষয়ে আরও বলেন, পুলিশকে অবহেলা করে আমরা দেশ গড়তে পারব না। তারা সম্মুখসারির মানুষ। তাদের প্রস্তুত করা পরিবেশে বাকি সব কিছুই সম্ভব হয়। আইনশৃঙ্খলা রক্ষায় তাদের দায়িত্ব অপরিসীম।

বৈঠকে ড. ইউনূস পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ বাহিনীর সামনে আসা চ্যালেঞ্জগুলো তুলে ধরে বলেন, বর্তমান পরিস্থিতিতে পুলিশের কাজ করার পদ্ধতি অনেক কঠিন হয়ে গেছে। তবে আমরা এসব চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা করব।

জুলাই মাসে হওয়া গণঅভ্যুত্থান আমাদের জন্য একটি বড় সুযোগ এনে দিয়েছে। এটি যেন আমরা হারিয়ে না ফেলি, সেজন্য সবাইকে একযোগভাবে কাজ করতে হবে। ভবিষ্যতে যারা দায়িত্বে আসবেন, আশা করি তারা এই পথ অনুসরণ করবেন। পুলিশের ভূমিকা যে দেশের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা আমরা নিশ্চিত করতে চাই।

All Categories