দাপুটে জয়ে চ্যাম্পিয়ন রিশাদ-সাকিবদের লাহোর
বড় লক্ষ্য, জমজমাট ম্যাচ আর রুদ্ধশ্বাস উত্তেজনার এক ফাইনাল। শেষ ওভারে গিয়ে এক বল হাতে রেখেই পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শিরোপা জিতে নিয়েছে লাহোর কালান্দার্স। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৬ উইকেটে হারিয়ে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো লাহোর।
লাহোরের ঘরের মাঠ গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে কোয়েটা ৯ উইকেটে ২০১ রানের বড় সংগ্রহ গড়ে। ইনিংসের মূল ভরসা ছিলেন ওপেনার হাসান নওয়াজ। ৪৩ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৭৬ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। পাশাপাশি রাইলি রুশো করেন ২২, আভিস্কা ফার্নান্দো ২৯, দিনেশ চান্ডিমাল ২২ এবং শেষ দিকে ফাহিম আশরাফ মাত্র ৮ বলে ২৮ রান যোগ করেন।
লাহোরের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন অধিনায়ক শাহিন আফ্রিদি। ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে তুলে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। হারিস রউফ ও সালমান মির্জাও সমান ২টি করে উইকেট নেন। বাংলাদেশের রিশাদ হোসেন ফাইনালে একাদশে সুযোগ পেয়ে ৪ ওভারে ৪২ রান দিয়ে নেন ১ উইকেট। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ সুযোগ পাননি।
জবাবে ব্যাট করতে নেমে লাহোর শুরুটা করে ধীরে-সুস্থে। ওপেনার ফখর জামান ১১ রান করে ফিরলেও, অন্য ওপেনার মোহাম্মদ নাইম ২৭ বলে ৪৬ রান করেন। তিনে নামা আব্দুল্লাহ শফিক যোগ করেন ২৮ বলে ৪১ রান।
ম্যাচের মোড় ঘোরান লঙ্কান ব্যাটার কুশল পেরেরা। মাত্র ৩১ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৬২ রানের চোখধাঁধানো ইনিংস খেলেন তিনি। তবে অন্যপ্রান্তে ভানুকা রাজাপক্ষে ছিলেন তাল হারানো। ১৬ বলে ১৪ রান করে ব্যর্থ হন তিনি।
জয়ের সমীকরণ যখন কঠিন, তখনই ঝড় তুলেছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। ম্যাচের টস হওয়ার মাত্র ১০ মিনিট আগে মাঠে এসে নেমেই ৭ বলে ২২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। দুটি চার ও দুটি ছক্কায় সাজানো সেই ইনিংসে লাহোর তুলে নেয় জয়।
শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে দারুণভাবে গুছিয়ে নেওয়া দলটি শেষ পর্যন্ত ১ বল হাতে রেখে জয় নিশ্চিত করে। পিএসএলের ইতিহাসে এটাই লাহোর কালান্দার্সের দ্বিতীয় শিরোপা।