দাম্পত্যের ২০ বছর পূর্তিতে সুরিয়া-জ্যোতিকার নতুন বিয়ের আয়োজন

দক্ষিণ ভারতীয় তারকা দম্পতি সুরিয়া ও জ্যোতিকার দাম্পত্য জীবনের ২০ বছর পূর্ণ হয়েছে। এই বিশেষ মুহূর্তটি স্মরণীয় করে রাখতে তারা পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে পুনরায় ‘বিয়ে’ করেছেন।

দাম্পত্যের ২০ বছর পূর্তি উপলক্ষে তারা চার্চে ফাদারের সামনে বিয়ের শপথ পাঠ করেছেন। এই আয়োজনের নামকরণ করা হয়েছে ‘দ্য সিক্যুয়েল’। পুরো আয়োজনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তারা।

জ্যোতিকা ইনস্টাগ্রামে পোস্টে লেখেন, ‘আমাদের ভালোবাসা ও যুদ্ধের ২০ বছর উপলক্ষে বিয়ের শপথ হালনাগাদ করে নিলাম। এটা কোনো পারফেক্ট বিয়ের উদযাপন নয়। অনেক অসঙ্গতি, মানিয়ে নেওয়া, বোঝাপড়া, ত্যাগ, নিঃস্বার্থভাবে একে-অপরকে ভালোবাসার উদযাপন।’

তিনি জানান, এই সম্পর্কটি তার কাছে কল্পনার মতো ছিল এবং তিনি সেই কল্পনার রাজ্যে বসবাস করছেন।

সুরিয়া ও জ্যোতিকার এই সম্পর্ক ও দাম্পত্যের উদযাপন দেখে নেট দুনিয়া মুগ্ধ হয়েছে। শুভেচ্ছা জানিয়েছেন মাধবন, কাজল আগারওয়াল, রাশি খান্না, জেনেলিয়া দেশমুখ ও সোনাক্ষী সিনহা সহ আরও অনেকেই।

ভিডিওটি প্রকাশের ১৯ ঘণ্টার মধ্যে ‘পুনর্বিবাহ’-এর ভিডিওটির ভিউ ৬ কোটি ১০ লাখ ছাড়িয়ে যায় এবং ৪৫ লাখের বেশি মানুষ এতে প্রতিক্রিয়া জানায়। অনেক ভক্ত এই দম্পতির দীর্ঘ পথচলা ও ভালোবাসার উদযাপনকে অনুপ্রেরণাদায়ক বলে মন্তব্য করেছেন।

সুরিয়া ও জ্যোতিকার প্রথম পরিচয় ১৯৯৯ সালে। তারা বসন্ত পরিচালিত ‘পুভেল্লাম কেট্টুপ্পা’ সিনেমায় প্রথমবার একসঙ্গে অভিনয় করেন। পরবর্তীতে তাদের বন্ধুত্ব প্রেমে গড়ায়। ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘কাখা কাখা’ সিনেমার সময় তাদের প্রেমের সম্পর্ক শুরু হয় এবং ২০০৬ সালের ১৪ সেপ্টেম্বর তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হন।

দাম্পত্য জীবনের ২০ বছরে তাদের দুই সন্তান—দিয়া ও দেব। তারা পারিবারিক জীবন কাটানোর পাশাপাশি অভিনয়ের বাইরেও একসঙ্গে চলচ্চিত্র প্রযোজনার কাজ করছেন।

All Categories