ডাকসু নির্বাচন স্থগিত: হাইকোর্ট
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট।আজ সোমবার বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ডাকসুর কেন্দ্রীয় কমিটি ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে আদালতের আদেশে তা আপাতত স্থগিত হলো।
নির্বাচনে অংশ নিতে ইতিমধ্যে ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্রসংসদ আলাদা প্যানেল দিয়েছে। বামপন্থী ছাত্রসংগঠনগুলো দিয়েছে দুটি প্যানেল। পূর্ণ ও আংশিক মিলিয়ে মোট ১০টি প্যানেল ঘোষণা করা হয়েছিল।
চূড়ান্ত প্রার্থিতালিকা অনুযায়ী সহসভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী ছিলেন। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ১৭ জন, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ১১ জন, আন্তর্জাতিক সম্পাদক পদে ১৪ জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১৯ জন এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল।
এ ছাড়া গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ৯ জন, ক্রীড়া সম্পাদক পদে ১৩ জন, ছাত্র পরিবহন সম্পাদক পদে ১২ জন, সমাজসেবা সম্পাদক পদে ১৭ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ১৫ জন, মানবাধিকার ও আইন সম্পাদক পদে ১১ জন এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
সবচেয়ে বেশি প্রার্থী ছিলেন সদস্য পদে। এবার ২১৭ জন প্রার্থী এ পদে লড়ার জন্য মনোনয়নপত্র জমা দেন। সব মিলিয়ে ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল মোট ৪৭১ জন প্রার্থীর।