ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এ নির্বাচন।
আজ মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
ঘোষিত তফসিল অনুযায়ী, ৩০ জুলাই প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। এতে আপত্তি জানানোর সময় নির্ধারণ করা হয়েছে ৬ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১১ আগস্ট।
প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ শুরু হবে ১২ আগস্ট থেকে এবং চলবে ১৮ আগস্ট পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৯ আগস্ট দুপুর ৩টা। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২০ আগস্ট এবং প্রাথমিক প্রার্থীতালিকা প্রকাশ হবে ২১ আগস্ট দুপুর ১টায়।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ আগস্ট দুপুর ১টা। পরদিন ২৬ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থীতালিকা। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। ভোট গণনা শেষে সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।
প্রধান রিটার্নিং কর্মকর্তা জানান, পরিচয়পত্র পে স্লিপ ছাড়া কেউ ভোট দিতে পারবেন না।
এবারই প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর বাইরে ছয়টি নিরপেক্ষ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনার অধ্যাপক গোলাম রাব্বানী।
ভোটকেন্দ্রগুলো হলো;
কার্জন হল কেন্দ্র (পরীক্ষার হল) এখানে ভোট দিতে পারবেন ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল এবং ফজলুল হক হলের শিক্ষার্থীরা।
ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) রোকেয়া হল, শামসুন নাহার হল এবং কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা এখানে ভোট দেবেন।
শারীরিক শিক্ষা কেন্দ্র : জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল এবং সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র : বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল এবং শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের শিক্ষার্থীরা এখানে ভোট দেবেন।
সেনেট ভবন কেন্দ্র (এলামনাই ফ্লোর, সেমিনার কক্ষ, ডাইনিং রুম) স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মহসীন হল এবং বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা ভোট দেবেন।
উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র : সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল এবং কবি জসীমউদ্দীন হলের শিক্ষার্থীরা এখানে ভোট দেবেন।