দাবি আদায়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম পলিটেকনিক শিক্ষার্থীদের

ছয় দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শিক্ষার্থীরা। দীর্ঘ আট মাসেরও বেশি সময় ধরে দাবি জানিয়ে আসলেও সরকার কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এবার কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তারা।

রোববার রাজধানীর শেরে বাংলা নগরের ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আয়োজিত এক মহাসমাবেশ থেকে শিক্ষার্থীরা বলেন, ‘আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা না এলে আমরা লংমার্চ কর্মসূচি পালন করব।

দাবি ও প্রতিবাদ

মহাসমাবেশে শিক্ষার্থীরা তাদের ছয় দফা দাবি আবারও উপস্থাপন করেন। এর মধ্যে রয়েছে:

জুনিয়র ইন্সট্রাকটর পদে ক্রাফট ইন্সট্রাকটরদের প্রমোশনের হাইকোর্টের রায় বাতিল, ক্রাফট ইন্সট্রাকটর পদবি পরিবর্তন, মামলায় জড়িতদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করা, ও অন্যান্য প্রশাসনিক সংস্কার।

এ ছাড়া সমাবেশে কুমিল্লায় পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনারও তীব্র প্রতিবাদ জানান উপস্থিত শিক্ষার্থীরা।

মিছিল, প্ল্যাকার্ড আর স্লোগানে মুখর সমাবেশস্থল

রবিবার সকাল থেকেই দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শিক্ষার্থীরা ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হতে থাকেন মহিলা পলিটেকনিকের সামনে। হাতে ছিল বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড।

তাদের দাবি, আন্দোলন পুরোপুরি শান্তিপূর্ণ এবং যৌক্তিক, তবে দীর্ঘ সময় ধরে দাবি জানিয়ে কোনো অগ্রগতি না দেখে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।

এক শিক্ষার্থীর ভাষায়, ‘আমরা যানজট চাই না। তবে আর সময় দেওয়ার পক্ষে আমরা নেই। দাবি না মানা হলে লংমার্চ তো হবেই, প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

All Categories