চুক্তিভঙ্গের অভিযোগে শরিফুল রাজকে আইনি নোটিশ, শুটিংয়ের তারিখ দিতে ৪৮ ঘণ্টা সময়
চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে অভিনেতা শরিফুল রাজকে আইনি নোটিশ দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন। প্রতিষ্ঠানটির পক্ষে ২৮ অক্টোবর নোটিশটি পাঠান ব্যারিস্টার সজিব মাহমুদ আলম। ৪৮ ঘণ্টার মধ্যে শুটিংয়ের শিডিউল নিশ্চিত না করলে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে।
প্রযোজনা সংস্থাটির অভিযোগ, আগামী ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনায় থাকা ‘ঠিকানা’ ছবির শুটিংয়ের জন্য রাজ কোনো তারিখ দেননি। উল্টো একই ঈদে মুক্তি পেতে যাওয়া অন্য একটি ছবির ঘোষণা দিয়েছেন তিনি।
নোটিশ অনুযায়ী, ‘ঠিকানা’য় অভিনয় ও প্রচারণাসহ নানা শর্তে প্রতিষ্ঠানটির সঙ্গে রাজের একটি আর্টিস্ট সার্ভিস অ্যাগ্রিমেন্ট হয়েছিল এবং এর অংশ হিসেবে তিনি অগ্রিম পারিশ্রমিকও নিয়েছেন। চুক্তির ৯ নম্বর ধারায় বলা আছে, ছবিটি ২০২৭ সালের ঈদুল আজহা বা তার পরে মুক্তি পাবে। আর ৪.১১ ধারায় শর্ত রয়েছে, ‘ঠিকানা’ মুক্তির সময় রাজের প্রধান বা উল্লেখযোগ্য চরিত্রের অন্য কোনো কাজ মুক্তি পাবে না।
গত ৩১ আগস্ট ফেসবুকে রাজ জানান, তিনি ‘কানাভুলা প্যারাডক্স’ ছবিতে কাজ করেছেন, যেটিও আগামী ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা। নোটিশে দাবি করা হয়েছে, ওই ঘোষণার পর ‘ঠিকানা’র স্পনসর ও অংশীদারেরা সরে যেতে চাইছেন।
এর আগে ২ সেপ্টেম্বর প্রথম দফা নোটিশে চারটি দাবি জানানো হয়েছিল। সেগুলো হলো প্রতিদ্বন্দ্বী ছবির প্রচার বন্ধ করা, ফেসবুক পোস্ট মুছে ফেলা, ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং চুক্তি মেনে চলার লিখিত অঙ্গীকার দেওয়া।
নতুন নোটিশে বলা হয়, প্রথম নোটিশের পর রাজ ও তাঁর ম্যানেজার যোগাযোগ করে আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেওয়ার আশ্বাস দিলেও শুটিংয়ের কোনো সময়সূচি দেননি। প্রযোজনা প্রতিষ্ঠানটি আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত শুটিংয়ের সময় চেয়েছে, কারণ ঈদুল আজহায় ছবিটি মুক্তি দিতে পোস্ট-প্রোডাকশনে প্রায় দুই মাস লাগবে।
এ বিষয়ে শরিফুল রাজের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলে তাঁর নম্বর বন্ধ পাওয়া যায়।