চট্টগ্রামে সেই শিশু পৃথিবীর মায়া ত্যাগ করল
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে পাহাড়ি এলাকায় শ্বাসনালি কাটা সেই সাত বছরের শিশু জান্নাতুল নিশা ইরা মারা গেছে। তিনদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার (৩ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে সে মারা যায়।বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা মো. রমিজ।রবিবার (১ মার্চ) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির গলায় অস্ত্রোপচার করা হয়। সোমবার শিশুটিকে ওয়ান-স্টপ ক্রাইসিস সেলে (ওসিসি) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
এর আগে রবিবার সকালে সীতাকুণ্ড পৌর সদরের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতরে দুর্গম পাহাড়ি এলাকা থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়। ইকোপার্কের ভেতরের চন্দ্রনাথ মন্দির সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকরা শিশুটিকে উদ্ধার করে। প্রথমে শিশুটিকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানায়, শিশুটিকে গলা কেটে হত্যা করা হয়েছিল। তবে কে বা কারা এ ঘটনা ঘটাতে চেয়েছিল, তা তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ। এদিকে পরিবারের সদস্যরাও এ ঘটনার বিচার চেয়েছে। তবে কে বা কারা এ ঘটনায় সম্পৃক্ত তা জানেন না বলে জানিয়েছে তারা। শিশুর পরিবার জানায়, সে কীভাবে দুর্গম পাহাড়ি এলাকায় গেছে, সেটি জানা যায়নি।