চট্টগ্রামে র্যাব সদর দপ্তরে এএসপির মরদেহ উদ্ধার
চট্টগ্রামে র্যাব-৭ ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে গুলিবিদ্ধ অবস্থায় সহকারী পুলিশ সুপার (এএসপি) পলাশ সাহার মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৭ মে) দুপুরে র্যাব সদর দপ্তরের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক ইন্তেখাব চৌধুরী।
মরদেহের পাশ থেকে উদ্ধার করা একটি চিরকুটে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ি না। আমিই দায়ি। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের ওপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন সব কো-অর্ডিনেট করে।
র্যাবের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পলাশ সাহার মৃত্যুকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে করা হচ্ছে। ব্যক্তিগত পারিবারিক সমস্যার কারণে তিনি এমন সিদ্ধান্ত নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
নিহত পলাশ সাহা বিসিএস পুলিশ ক্যাডারের ৩৭তম ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি গোপালগঞ্জের কোটালিপাড়া। তিনি একসময় পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কর্মরত ছিলেন। পরে বদলি হয়ে র্যাবে যোগ দেন।
র্যাব মুখপাত্র ইন্তেখাব চৌধুরী বলেন, ‘আমরা কিছু সময় আগে খবর পেয়েছি তিনি মারা গেছেন। পারিবারিক ঝামেলার কারণে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে তথ্য মিলেছে। মরদেহের আনুষ্ঠানিকতা চলছে। বিস্তারিত জানতে সময় লাগবে।