চমক রেখেই শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে দল ঘোষণা বিসিবির

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (২৩ জুন) ঘোষিত দলে ফিরেছেন ওপেনার লিটন দাস ও নাঈম শেখ।

সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে চারজন বাদ পড়েছেন। অবসর নেওয়ায় দল থেকে সরে গেছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার—মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। আর বাদ পড়েছেন নাসুম আহমেদ ও সৌম্য সরকার।

তাদের জায়গায় দলে এসেছেন লিটন দাস, নাঈম শেখ, হাসান মাহমুদ, তানভীর ইসলাম ও শামীম হোসেন। চোট কাটিয়ে ফিরেছেন দুই পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্বে থাকছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ধারণা করা হচ্ছে, ব্যাটিং অর্ডারে মাহমুদউল্লাহর শূন্যতা পূরণ করবেন তিনিই। অন্যদিকে, মুশফিকের জায়গায় উইকেটকিপিংয়ের দায়িত্ব নিতে পারেন লিটন দাস, যিনি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে ছিলেন না।

নাঈম শেখ সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২২ সালে। ঢাকা প্রিমিয়ার লিগে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ফিরলেন জাতীয় দলে।

প্রথম টেস্ট শেষ হওয়ার পর ২৫ জুন কলম্বোতে শুরু হবে শ্রীলঙ্কা-বাংলাদেশ দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপরই মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ।

বাংলাদেশের ওয়ানডে দল:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।

All Categories