Aug 23, 2025
চমক দিয়ে এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের

চমক দিয়ে এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের

নেদারল্যান্ডসের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘ বিরতির পর স্কোয়াডে ফিরেছেন সাইফ হাসান ও নুরুল হাসান সোহান।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্কোয়াড প্রকাশ করে বিসিবি। যথারীতি দলের নেতৃত্বে আছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। তবে জায়গা হয়নি স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকারের। স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে তানভীর ইসলাম ও হাসান মাহমুদকে।

গত মাসে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দলে ছিলেন মিরাজ ও নাঈম শেখ। তাঁদের বাদ দিয়ে এবার নেওয়া হয়েছে সাইফ ও সোহানকে। উইকেটরক্ষক–ব্যাটার সোহান বাংলাদেশের হয়ে সর্বশেষ খেলেছেন ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে। আর টপ অর্ডার ব্যাটার সাইফের শেষ মূল দলের ম্যাচ ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে।

বাংলাদেশের ব্যাটিং লাইনআপে আছেন লিটন, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন ও সোহান। বোলিং আক্রমণে রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। অলরাউন্ডার হিসেবে রয়েছেন শেখ মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

নেদারল্যান্ডস দল আগামী ২৬ আগস্ট বাংলাদেশে এসে পৌঁছাবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট। পরের দুটি ম্যাচ যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর।

এরপর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ, ৯ থেকে ২৮ সেপ্টেম্বর। বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে—শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকংয়ের সঙ্গে। টাইগাররা তাদের প্রথম ম্যাচ খেলবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে।

এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, সাইফ হাসান, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, শেখ মেহেদী, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

All Categories