চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে দিনমজুরের হাতে কাঁচের টুকরা রেখেই চিকিৎসার অভিযোগ, এক মাস পর অস্ত্রোপচারে বের হলো দুটি টুকরা
কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক দিনমজুরের হাতের ভেতরে ভাঙা কাঁচের টুকরা রেখেই চিকিৎসা শেষ করার অভিযোগ উঠেছে। এক মাসের বেশি সময় ব্যথায় ভোগার পর অন্য চিকিৎসকের অস্ত্রোপচারে তার হাত থেকে দুটি কাঁচের টুকরা বের করা হয়। ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
ভুক্তভোগী সাইদার মিয়া উপজেলার মজিদের পাড় এলাকার ভূমিহীন দিনমজুর। অন্যের জমিতে পরিবার নিয়ে থাকেন তিনি।
স্থানীয়রা জানান, মাসখানেক আগে বাড়িতে বিদ্যুতের সুইচ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান সাইদার। এ সময় ভাঙা কাঁচে তার বাম হাত গভীরভাবে কেটে যায় এবং কাঁচের টুকরা মাংসপেশির ভেতরে ঢুকে পড়ে। লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সাইদারের অভিযোগ, শয্যা খালি নেই জানিয়ে তাকে ভর্তি না করে প্রাথমিক চিকিৎসা ও ব্যান্ডেজ দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। হাতের ভেতরে কাঁচ আছে কি না, তা পরীক্ষা করে দেখা হয়নি। দীর্ঘ যন্ত্রণার পর এক্স-রে করালে দুটি কাঁচের টুকরা ধরা পড়ে, পরে অস্ত্রোপচার করে সেগুলো বের করা হয়।
ক্ষোভ প্রকাশ করে সাইদার মিয়া বলেন, হাসপাতালে কোনোরকম চিকিৎসা দিয়ে কাঁচ রেখেই তাকে ফেরত পাঠানো হয়েছিল। এমন অবহেলার দায় কর্তৃপক্ষকে নিতে হবে বলে দাবি করেন তিনি।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম সাদ্দাম বলেন, প্রথম দিনেই প্রয়োজনীয় পরীক্ষা করালে দরিদ্র এই মানুষটিকে এত দিন কষ্ট পেতে হতো না। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি দাবি করেন।
জানতে চাইলে চিলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম বলেন, বিষয়টি ভুলবশত হয়েছে, এজন্য তিনি দুঃখিত। ঘটনাটি নিয়ে খোঁজখবর নিচ্ছেন বলেও জানান তিনি।