ছাত্রদল নেতা সাম্য হত্যার ঘটনায় আটক ৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ মে) সকালে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর। তিনি বলেন, আটক হওয়া তিনজনই পেশায় ভাসমান হকার। তারা রাতে মদ ও গাঁজা সেবন করত। ঘটনার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাদের আটক করা হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন শাহরিয়ার আলম সাম্য। পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহরিয়ার আলম সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়।

All Categories