ছাত্র নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য জাতিকে বিভ্রান্তিতে ফেলছে: নুর

সম্প্রতি ছাত্রনেতাদের  বতর্কিত বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর । তিনি বলছেন, এসব বক্তব্য জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে এবং উসকানি সৃষ্টি করার সুযোগ তৈরি করেছে। নুরুল হক আহ্বান জানিয়েছেন, যারা দায়িত্বশীল আছেন, তারা যেন দায়িত্বশীলভাবে কথা বলেন এবং এমন কোনো মন্তব্য না করেন, যা দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়ায়।

আজ রোববার চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জেলা গণ অধিকার পরিষদের আয়োজিত একটি আলোচনা সভা দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের চাঁদপুর জেলা কমিটির আহ্বায়ক কাজী রাসেল সভাপতিত্ব করেন এবং সদস্যসচিব মো. মাহমুদুল হাসান ও যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন সভাটি সঞ্চালনা করেন।

নুরুল হক বলেন, ‘গত ১৫ বছর ধরে দেশে গণতন্ত্র ও ভোটাধিকার বন্ধ ছিল, যার ফলে আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। আজ আমরা ঐক্যবদ্ধ হয়ে সেই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কাজ করছি, যাতে দেশ ফের ফ্যাসিবাদী শাসনে পতিত না হয়।’ তিনি আরও বলেন, ‘যারা জুলাই ২৪-এর গণ-অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, তাদের প্রতি দেশের ছাত্র ও তরুণ সমাজের অবদান কখনো ভুলে যাওয়া উচিত নয়। তারা জীবন বাজি রেখে দেশকে পরিবর্তন করতে সাহসী পদক্ষেপ নিয়েছিল।’

তিনি আরও জানান, ‘শেষ পর্যন্ত সেনাবাহিনী, পুলিশ বাহিনী এবং প্রশাসনের বেশিরভাগ অংশ জনগণের পাশে দাঁড়িয়েছিল, যা দেশ ও জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তাই এই প্রতিষ্ঠানগুলোকে বিতর্কিত করা বা তাদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করা উচিত নয়, কারণ তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও সহযোগিতা প্রয়োজন।’

 

All Categories