চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অধ্যাপক ইউনূস
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সফরে চীন উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আজ বুধবার দুপুর ১টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টা ২৬ থেকে ২৯ মার্চ পর্যন্ত চীন সফর করবেন। সফরের প্রথম দিন, ২৬ মার্চ, দুপুরে চীনের একটি উড়োজাহাজে ঢাকা থেকে রওনা হন তিনি। সফরের দ্বিতীয় দিন, ২৭ মার্চ, হাইনান প্রদেশে আয়োজিত বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) সম্মেলনে অংশগ্রহণ করবেন ড. ইউনূস। সম্মেলনের উদ্বোধনী সেশনে তিনি বক্তব্য রাখবেন। এছাড়া তার সঙ্গে চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং ঝুঝিয়াংয়ের বৈঠক হতে পারে।
২৮ মার্চ, প্রধান উপদেষ্টা বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। একই দিনে তিনি হুয়াওয়ে কোম্পানির উচ্চ-প্রযুক্তিসম্পন্ন এন্টারপ্রাইজও পরিদর্শন করবেন।
সফরের শেষ দিন, ২৯ মার্চ, পিকিং বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে, যেখানে তিনি একটি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এরপর তিনি বেইজিং থেকে ঢাকায় ফিরে আসবেন।
এ সফরে ছয় থেকে আটটি সমঝোতা স্মারক সই হওয়ার আশা রয়েছে। এছাড়া চীন বাংলাদেশের জন্য এক থেকে দুই বিলিয়ন ডলার ঋণ সহায়তার ঘোষণা দিতে পারে, যা মোংলা বন্দরের আধুনিকীকরণসহ বেশ কয়েকটি প্রকল্পের অর্থায়নে ব্যবহার হবে।