চারুকলা থেকে শুরু বর্ষবরণের রঙিন শোভাযাত্রা
বাংলা নববর্ষ ১৪৩২-এর সূচনায় চিরায়ত আনন্দ ও ঐতিহ্যের রঙে রঙিন হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। আজ রোববার সকাল ৯টা ৫ মিনিটে ঢাবির চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়েছে মঙ্গল শোভাযাত্রা। এতে অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ।
পূর্ব নির্ধারিত রুট অনুযায়ী, শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনেই শুরু হয়ে শাহবাগ মোড় হয়ে টিএসসি, সেখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর হয়ে আবার টিএসসি হয়ে চারুকলার সামনেই গিয়ে শেষ হয়।
শোভাযাত্রার নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। এ সময় আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদসহ অনেকে।
শোভাযাত্রার শুরুর অংশে ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের সুসজ্জিত ঘোড়ার বহর। এর ঠিক পরেই শোভাযাত্রায় অংশ নেয় দেশের ২৮টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা। এরপর ছিল চারুকলা অনুষদের মূল ব্যানার, মুখোশে ফ্যাসিবাদের প্রতীক, বিশালাকৃতির মাছ, শান্তির প্রতীক পায়রা, নানা সম্প্রদায়ের নামসংবলিত বোর্ড, পানির বোতল আকৃতির শিল্পকর্ম, '৩৬ জুলাই' শিরোনামের একটি মোটিফ এবং ১০০ ফুট দৈর্ঘ্যের একটি স্ক্রল।
পয়লা বৈশাখকে ঘিরে ঢাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রাজধানীর বিভিন্ন এলাকায় নানা আয়োজনে বরণ করে নেওয়া হচ্ছে নতুন বছরকে।