চামড়া পাচাররোধে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি
কোরবানির চামড়ার পাচার ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। এই সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল বৃদ্ধির পাশাপাশি জনসচেতনতায় মাইকিংসহ স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়সভা করেছে বিজিবি।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ লতিফুল বারী বিষয়টি নিশ্চিত করে জানান, কোরবানির ঈদকে কেন্দ্র করে প্রতিবছরই একটি চক্র সীমান্ত দিয়ে পশুর চামড়া পাচারের চেষ্টা করে। এ ধরনের তৎপরতা প্রতিরোধে বিজিবি ইতোমধ্যে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করেছে এবং প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
তিনি আরো বলেন, সীমান্তে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষ করে চামড়া পাচার রোধে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল জোরদার করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সীমান্তবর্তী বিভিন্ন মসজিদে জুমার নামাজের আগে মুসল্লিদের সীমান্ত আইন ও অবৈধ পারাপারের ঝুঁকি সম্পর্কে অবহিত করা হচ্ছে। পাশাপাশি সীমান্ত এলাকায় নিয়মিত মাইকিং, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়সভার আয়োজন করা হচ্ছে।
চামড়া ব্যবসায়ীদের সঙ্গেও পৃথকভাবে আলোচনা করা হচ্ছে বলে জানান বিজিবি অধিনায়ক।
লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বলেন, ‘সীমান্তে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং চামড়া পাচারের কোনো সুযোগ যাতে সৃষ্টি না হয়, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।