Jan 19, 2026
ব্যাটারিচালিত রিকশা চলাচলের দাবিতে বাড্ডায় সড়ক অবরোধ, তীব্র যানজট

ব্যাটারিচালিত রিকশা চলাচলের দাবিতে বাড্ডায় সড়ক অবরোধ, তীব্র যানজট

ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত চিকন চাকার প্রায় ২ লাখ ৪১ হাজার ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান চলাচলের দাবিতে রাজধানীর বাড্ডায় মানববন্ধন করেছেন রিকশা ও ভ্যান শ্রমিকরা। তবে মানববন্ধনের কর্মসূচি থাকলেও একপর্যায়ে তারা সড়ক অবরোধে নামেন। এতে বাড্ডা ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

পুলিশ জানায়, শ্রমিকদের কর্মসূচিতে সড়ক অবরোধের কোনো পূর্ব ঘোষণা ছিল না। তারা কেবল মানববন্ধনের কথা জানিয়েছিল। কিন্তু কর্মসূচি চলাকালে বাড্ডা ফুজি টাওয়ারের সামনে মূল সড়ক অবরোধ করে দেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকেরা।

এই কর্মসূচির আয়োজন করে ঢাকা বৃহত্তর দক্ষিণ সিটি করপোরেশনের ব্যাটারি চালিত রিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। সংগঠনটির নেতারা জানান, দীর্ঘদিন ধরে চিকন চাকার ব্যাটারি রিকশা চলাচলে নানা বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। এতে শ্রমিকদের জীবিকা নির্বাহে মারাত্মক সংকট তৈরি হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান।

এদিকে ট্রাফিক গুলশান বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, বাড্ডা ফুজি টাওয়ারের সামনে মূল সড়ক অবরোধ থাকায় ওই রুট ব্যবহারকারী যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হচ্ছে। একই সঙ্গে যাত্রীদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ট্রাফিক পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, রামপুরা থেকে কুড়িল বিশ্বরোড বা উত্তরা অভিমুখে যাত্রীরা বাড্ডা লিংক রোড থেকে বামে ঘুরে গুলশান-১ হয়ে গুলশান-২ দিয়ে যেতে পারবেন। আর উত্তরা থেকে আগত যানবাহনকে বাড্ডা রুট এড়িয়ে মহাখালী রুট ব্যবহার করার অনুরোধ করা হয়েছে।

সড়ক অবরোধের কারণে রাজধানীর বাড্ডা, রামপুরা ও আশপাশের এলাকায় যান চলাচল ধীরগতির হয়ে পড়ে। এতে অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

All Categories