ব্যারিকেড সরিয়ে শাহবাগ মোড়ে নার্সিং শিক্ষার্থীদের অবরোধ
নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রির সমমানে স্বীকৃতি দেওয়ার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন নার্সিং শিক্ষার্থীরা। বুধবার দুপুর দেড়টার দিকে তাঁরা এই কর্মসূচি শুরু করেন। এতে শাহবাগ এলাকাজুড়ে তীব্র যানজট তৈরি হয়, ভোগান্তিতে পড়েন পথচারী ও যাত্রীরা।
আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে তাঁরা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিকে ডিগ্রির সমতাভুক্ত করার দাবি জানিয়ে আসছেন। কিন্তু এখনো তা পূরণ হয়নি। এ কারণে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
এর আগে শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। সেখান থেকে মিছিল নিয়ে শাহবাগের দিকে অগ্রসর হন। শাহবাগ থানার সামনে পুলিশ তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীরা ব্যারিকেড সরিয়ে শাহবাগ মোড়ে পৌঁছান এবং সড়ক অবরোধ করেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, ‘শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেছে। আমরা শান্তিপূর্ণভাবে আলোচনা করে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।’
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা শাহবাগ ছাড়বেন না। আন্দোলন শান্তিপূর্ণভাবে চালিয়ে নেওয়ার কথাও জানান তাঁরা।