Jun 28, 2025
বুয়েটের নকশায় তৈরি রিকশা চলবে পল্টন, ধানমন্ডি ও উত্তরায়

বুয়েটের নকশায় তৈরি রিকশা চলবে পল্টন, ধানমন্ডি ও উত্তরায়

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে নতুন আঙ্গিকে ব্যাটারিচালিত রিকশা নামাতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নকশায় তৈরি এই রিকশাগুলো আগামী আগস্ট মাস থেকেই ঢাকার তিনটি রুটে চলাচল শুরু করবে।

শনিবার (২৮ জুন) রাজধানীর গুলশানে ডিএনসিসির নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ তথ্য জানান। অনুষ্ঠানে নতুন রিকশাচালকদের প্রশিক্ষণ কর্মসূচিরও উদ্বোধন করা হয়।

ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষামূলকভাবে পল্টন, ধানমন্ডি ও উত্তরা এলাকায় চালু করা হবে এই নতুন ব্যাটারিচালিত রিকশা। প্রতিটি এলাকার জন্য নির্ধারিত সংখ্যক রিকশা চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

আসিফ মাহমুদ বলেন, ‘বর্তমানে যেভাবে রিকশা অনিয়ন্ত্রিতভাবে চলে, সেভাবে আর চলবে না। প্রতিটি এলাকার জন্য নির্দিষ্টসংখ্যক রিকশার অনুমতি দেওয়া হবে। পাশাপাশি চালকদের যেন কেউ হয়রানি বা চাঁদাবাজির শিকার করতে না পারে, সেটিও নিশ্চিত করা হবে।

ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, এই প্রকল্পের আওতায় এক লাখ রিকশাচালককে প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাঁদের লাইসেন্স প্রদান করা হবে।

তিনি বলেন, ‘আমরা একটি শৃঙ্খলিত রিকশা সিস্টেম গড়তে চাই। যেখানে চালকরা প্রশিক্ষিত হবেন, নির্ধারিত রুটে চলবেন এবং নির্দিষ্ট চার্জিং স্টেশন থেকে রিকশা চার্জ দেবেন।

প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে নির্ধারিত চার্জিং স্টেশন তৈরির কাজও চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে, শুধুমাত্র অনুমোদিত স্টেশন থেকেই চার্জ নেওয়ার ব্যবস্থা থাকবে, যাতে বিদ্যুৎ চুরি বা বেপরোয়া চার্জিং রোধ করা যায়।

ডিএনসিসির কর্মকর্তারা বলছেন, সফল হলে এই উদ্যোগ ধীরে ধীরে শহরের অন্যান্য অংশেও বিস্তৃত করা হবে। তারা আশা করছেন, নতুন এ উদ্যোগ ঢাকার রিকশা ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনবে।

All Categories