বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ, লোডশেডিংয়ের শঙ্কা

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড ও যান্ত্রিক ত্রুটির কারণে সব ইউনিটের বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। এর ফলে উত্তরাঞ্চলের জেলাগুলোতে মারাত্মক বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১১টা পর্যন্ত যান্ত্রিক ত্রুটি সারানো সম্ভব হয়নি।

সকাল ৫টা ৫ মিনিটে কেন্দ্রের তৃতীয় ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়। এর আগে সোমবার (৫ অক্টোবর) ভোর ৫টা ৫০ মিনিটে প্রথম ইউনিট বন্ধ হয়ে যায়। উল্লেখ্য, কেন্দ্রের দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর মাস থেকে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে। ফলে বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, সোমবার সকাল ৬টা ২০ মিনিটের দিকে প্রথম ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং মঙ্গলবার সকাল ৫টা ৫ মিনিটে তৃতীয় ইউনিটেও ত্রুটি দেখা দেয়। বর্তমানে সব ইউনিট বন্ধ থাকায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। তবে দ্রুত মেরামত কার্যক্রম শুরু করা হবে।

আবু বকর সিদ্দিক জানান, বন্ধ হওয়া ইউনিট দুটির যান্ত্রিক ত্রুটি মেরামতে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনালের প্রকৌশলীরা কাজ শুরু করেছেন। তবে রাত ১১টা পর্যন্ত ত্রুটি সারানো সম্ভব হয়নি।

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রে ১২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি ইউনিট ও ২৭৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি ইউনিট রয়েছে। ১২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ২নং ইউনিটটি ২০২০ সাল থেকেই বন্ধ রয়েছে। বর্তমানে ১২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রথম ইউনিট ও ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিট থেকেও বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকায় জাতীয় গ্রিডে আর কোনও বিদ্যুৎ যুক্ত হচ্ছে না। এর ফলে উত্তরাঞ্চলের জেলাগুলোতে মারাত্মক বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।

All Categories