বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তার অনুমতি স্থগিত

বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলায় আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা সংক্রান্ত পুলিশের অফিস আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এই আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করে আদালত জানতে চেয়েছেন, সংশ্লিষ্ট অফিস আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না।

এর আগে, ৯ এপ্রিল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টার্স থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির শর্তে একটি অফিস আদেশ জারি করা হয়।

ওই আদেশে বলা হয়েছিল, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় অধিকাংশ ক্ষেত্রে এজাহারভুক্ত আসামির সংখ্যা অনেক। এসব মামলায় এজাহারভুক্ত কিংবা তদন্তে প্রাপ্ত আসামিদের গ্রেপ্তারের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণসহ অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া কেউ যেন গ্রেপ্তার না হয়, সে বিষয়ে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

পুলিশের এই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন গত রোববার হাইকোর্টে একটি রিট আবেদন করেন। তাঁর আবেদনের প্রাথমিক শুনানি শেষে আদালত আজ আদেশ দেন।

All Categories