বৈশাখের সকালে দূষণের শীর্ষে ঢাকা
নববর্ষের আনন্দ ছাপিয়ে এবার বৈশাখের প্রথম সকালেই ঢাকাবাসীর জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে বায়ুদূষণ। রোববার (১৪ এপ্রিল) সকাল ১০টা ১২ মিনিটে রাজধানী ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৬০, যা “অস্বাস্থ্যকর” হিসেবে চিহ্নিত। এর ফলে বৈশাখী উৎসবের দিনেও স্বাস্থ্যঝুঁকি নিয়ে মুখোমুখি হতে হচ্ছে নগরবাসীকে।
বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান এদিন অষ্টম। তালিকার শীর্ষে রয়েছে ইরাকের বাগদাদ ও পাকিস্তানের লাহোর, যাদের একিউআই স্কোর যথাক্রমে ২১৪ ও ২১৪। তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, যার স্কোর ১৮৬।
বিশেষজ্ঞদের মতে, একিউআই সূচক যদি ১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকে, তবে তা জনস্বাস্থ্যের জন্য “অস্বাস্থ্যকর” ধরা হয়। এ অবস্থায় শিশু, বৃদ্ধ ও শ্বাসকষ্টে ভুগছেন এমন ব্যক্তিদের বাইরে দীর্ঘক্ষণ থাকার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়।
বাংলাদেশে বায়ুর মান নির্ধারণ করা হয় মূলত পাঁচটি প্রধান দূষকের ওপর ভিত্তি করে। সেগুলো হলো: বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড , কার্বন মনো-অক্সাইড , সালফার ডাই-অক্সাইড এবং ওজোন ।
বিশ্লেষণ বলছে, শীতকালে ঢাকার বায়ু মান আরও বেশি খারাপ হয়ে পড়ে। তবে বর্ষা মৌসুমে কিছুটা উন্নতি দেখা যায়। তবুও বছরের অধিকাংশ সময়ই রাজধানীর বাতাস বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানদণ্ডের নিচে অবস্থান করে, যা জনস্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদি ঝুঁকি তৈরি করছে।
বিশেষজ্ঞরা বলছেন, অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে এ সমস্যা আরও প্রকট আকার ধারণ করতে পারে। বায়ুদূষণ রোধে কেবল নিয়মিত পর্যবেক্ষণ নয়, প্রয়োজন বাস্তবসম্মত পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়ন।