বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা সর্বোচ্চ ৭ বছর
নারী ও শিশু নির্যাতন দমন আইনের খসড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণের মামলায় সর্বোচ্চ সাত বছরের সাজা নির্ধারণ করে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আইনে বলাৎকার ও বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের বিষয়ে কিছু সংশোধন আনা হয়েছে। নতুন বিধান অনুযায়ী, এ ধরনের অপরাধ নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় বিচার করা হবে, তবে এটি একটি পৃথক সেকশনে বিবেচিত হবে। একই আইনের অধীনে বিশেষভাবে এই অপরাধের জন্য মামলা হবে, যেখানে সর্বোচ্চ শাস্তি সাত বছর নির্ধারণ করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।