বিশ্বকাপের সবচেয়ে দুর্ভাগা দল ইরান
পেনাল্টি মিসের হতাশা পুরো একটা দিন তাড়া করেছে ইরানকে। মিসরের বিপক্ষে অধিনায়ক মেহদি তারেমি যদি লক্ষ্যভেদে ব্যর্থ না হতেন, সে ক্ষেত্রে আগেই নক আউটে উঠত পার্সিয়ান চিতারা।তারা অপেক্ষায় ছিল সেরা তৃতীয় দল হিসেবে চলতি বিশ্বকাপে গ্রুপ পর্ব পেরোনোর। সেই আশাও পূর্ণ হয়নি আলজেরিয়া ও অস্ট্রিয়ার নাটকীয়তায় ভরা ম্যাচ ৩-৩ গোলে ড্র হওয়ায়। ‘জে’ গ্রুপের এই ম্যাচে যেকোনো একটি দল হারলেই ইরান পৌঁছে যেত নক আউটে। এখন তারা ছিটকে গেছে, আর শেষ বত্রিশে পা রেখেছে চার পয়েন্ট করে পাওয়া আলজেরিয়া ও অস্ট্রিয়া।
কানসাস সিটি স্টেডিয়ামের দিকে এদিন তাকিয়ে ছিল ইরান। তাদের স্বপ্ন প্রায় পূরণ হতেই যাচ্ছিল। কারণ, উত্তেজনায় ঠাসা ম্যাচটির ৫৫ মিনিট পর্যন্ত দুই দফায় এগিয়ে গিয়েছিল অস্ট্রিয়া। রিয়াদ মাহরেজ ৬০ মিনিটে গোল করে সমতা আনেন এবং ম্যাচের যোগ করা সময়ে (৯৩ মিনিট) গোল করে ৩-২ ব্যবধানে এগিয়ে নেন আলজেরিয়াকে।
স্বস্তি, আনন্দ সবই তখন ইরানের তাঁবুতে। তবে সেটিই হতাশায় পরিণত হতে লেগেছে মাত্র তিন মিনিট। ৯৬ মিনিটে গোল পরিশোধ করেন অস্ট্রিয়ার সাশা কালাজিচ। মিনিটখানেক পরই খেলা শেষের বাঁশি বিদায় ঘণ্টা বাজিয়েছে ইরানের। কারণ অস্ট্রিয়া ও আলজেরিয়া নিজেদের গ্রুপ থেকে একটি করে জয়, ড্র ও হার নিয়ে নক আউটে পৌঁছেছে চার পয়েন্ট নিয়ে।
সর্বশেষ ২০১৪ বিশ্বকাপ খেলা আলজেরিয়া সেবার দ্বিতীয় রাউন্ড খেলেছিল, এবারও ফেরার আসরে নক আউটে পৌঁছেছে তারা। আর ইরান কোনো ম্যাচ না হেরেও তিন ড্রয়ে তিন পয়েন্ট নিয়ে ছিটকে গেছে বিশ্বকাপ থেকে।