বিশ্বকাপের আগে ভারতে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ
টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আগামী ২৮ জানুয়ারি ভারতে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। ভারতের বেঙ্গালুরুতে নামিবিয়া ও আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
আগামী ৭ ফেব্রুয়ারি পাকিস্তান–নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে শুরু হবে টি–টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহেরও বেশি সময় আগে ভারতে পৌঁছাবে বাংলাদেশ দল। সেখানে কয়েক দিন বিশ্রাম ও অনুশীলনের পর ২ ফেব্রুয়ারি নামিবিয়া এবং ৪ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। তবে এই সূচি এখনো পুরোপুরি চূড়ান্ত হয়নি বলে জানান নাজমুল আবেদীন ফাহিম।
বিশ্বকাপকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের ক্রিকেটাররা। আগামী প্রায় এক মাস ধরে চলবে বিপিএল। বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই টুর্নামেন্টকেই বড় মঞ্চ হিসেবে দেখছে বিসিবি। বিপিএল শেষে বিশ্বকাপে যাওয়ার আগে দেশে ২–৩ দিনের একটি সংক্ষিপ্ত ক্যাম্প করার পরিকল্পনাও রয়েছে বলে জানান ফাহিম।
এদিকে ক্রিকেট অপারেশন্স কমিটির আরেক সদস্য শাহরিয়ার নাফীস বলেন, বিপিএল চলাকালে জাতীয় দলের গুরুত্বপূর্ণ বোলারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টে একজন ফিজিও সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন। কারও ওপর অতিরিক্ত চাপ পড়লে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলে তাকে বিশ্রাম দেওয়ার ব্যবস্থাও করা হবে।
বিশ্বকাপের উদ্বোধনী দিনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। গ্রুপ পর্বে টাইগারদের অন্য ম্যাচগুলো ৯ ফেব্রুয়ারি ইতালি, ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড এবং ১৭ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে।