বিশ্বকাপে কি খেলবে বাংলাদেশ? আজই হতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত
আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। নিরাপত্তাজনিত কারণে ভারতে ম্যাচ না খেলার বিষয়ে বাংলাদেশের অনড় অবস্থান এবং সেই অবস্থানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সমর্থনের পরিপ্রেক্ষিতে আজই (বুধবার) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
যতটুকু জানা গেছে, আজ বাংলাদেশ সময় বিকাল ৪টার দিকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভায় বিষয়টি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে। আইসিসির বোর্ডই সংস্থাটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম বা ‘অ্যাপেক্স বডি’। ফলে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে কোনো একক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। বোর্ড সদস্যদের মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত হওয়ার কথা।
আইসিসির এই সভায় নিরাপত্তার কারণে ভারতে বিশ্বকাপের ম্যাচ না খেলার বিষয়ে বাংলাদেশের জোরালো অবস্থান তুলে ধরা হবে। পাশাপাশি বাংলাদেশের দাবির প্রতি পিসিবির সমর্থনের বিষয়টিও অন্যান্য সদস্য বোর্ডের সামনে উপস্থাপন করা হবে। এ ক্ষেত্রে পিসিবি ছাড়াও অন্য বোর্ডগুলোর জন্য বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানানোর সুযোগ থাকবে।
এর আগে মঙ্গলবার রাত পর্যন্ত পরিস্থিতি দেখে হতাশ ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি বিশ্বকাপ বাংলাদেশকে ছাড়াই অনুষ্ঠিত হবে—এমন ঘোষণার অপেক্ষায় যেন ছিল বোর্ডটি। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিবি পরিচালক বলেন,
‘এখান থেকে আমি আর কোনো আশা দেখি না। আমরা আমাদের অবস্থান থেকে নড়ব না, আর আইসিসিও মনে হচ্ছে না আমাদের ম্যাচ অন্য কোথাও সরাবে। মনে হচ্ছে, আমরা হেরে গেলাম।’
বিসিবির হতাশার বড় কারণ ছিল তখন পর্যন্ত বাংলাদেশের অবস্থানের পক্ষে অন্য কোনো দেশের বোর্ডের দৃশ্যমান সমর্থন না পাওয়া। যদিও কয়েক দিন ধরেই পাকিস্তানের সংবাদমাধ্যমে পিসিবি সূত্রে দাবি করা হচ্ছিল—বাংলাদেশের ম্যাচ পাকিস্তানে আয়োজনের আগ্রহ রয়েছে পিসিবির, বাংলাদেশের খেলা ভারত থেকে না সরালে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করতে পারে। তবে পিসিবি আনুষ্ঠানিকভাবে কিছু না বলায় এসব খবরে আস্থা রাখা কঠিন হয়ে পড়েছিল।
এই অনিশ্চয়তার মধ্যেই বুধবার সকালে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানায়, পিসিবি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে। সেই চিঠি পাওয়ার পরই বাংলাদেশের দাবির বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নিতে আজ আইসিসির বোর্ড সভা ডাকা হয়েছে।
তবে বিশ্বকাপ ঘিরে চলমান এই আলোচনার মধ্যে বিভ্রান্তিকর সংবাদও ছড়িয়েছে। সম্প্রতি একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছিল, বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বিশ্বকাপে নেওয়ার কথা ভাবছে আইসিসি। পরে বিবিসির এক প্রতিবেদনে স্পষ্ট করা হয়, স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে এ ধরনের কোনো আলোচনা আইসিসি করেনি।
সব মিলিয়ে আজকের আইসিসি বোর্ড সভাই নির্ধারণ করে দিতে পারে—টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলবে কি না বাংলাদেশ, নাকি আরও জটিলতার দিকে যাবে পরিস্থিতি।