বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়নে পতিত আ. লীগের অভিযোগের সত্যতা পাওয়া যায়নি: স্পিকার
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়নে যে অভিযোগ করেছিল, তার সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি রবিবার (১১ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদিকদের এ তথ্য জানান।
স্পিকার বলেন, গত এপ্রিলে ইস্তাম্বুলে বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়নের ১৫২তম অধিবেশন অনুষ্ঠিত হয়। সেখানে পতিত আওয়ামী লীগের নেতৃবৃন্দ অভিযোগ করে যে, বাংলাদেশে তাদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। সেই অভিযোগের তদন্ত করতে বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়নের সদস্যরা ঢাকা আসেন এবং তদন্ত শেষে তাদের অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়। এর ফলে বাংলাদেশের নাম কালো তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়নের সদস্যরা বাংলাদেশের জনগণের ১৭ বছরের সংগ্রামের কাহিনী শুনেছেন এবং তারা মর্মাহত হয়েছেন।
স্পিকার জানান, বাংলাদেশ বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া প্যাসিফিক গ্রুপের সভাপতি নির্বাচিত হয়েছে এবং তিনি এক বছরের জন্য এর সভাপতি থাকবেন। তিনি বলেন, বাংলাদেশের বাস্তব পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি গত ১৬ বছরে বাংলাদেশের জনগণের গণতন্ত্রের জন্য সংগ্রামের কথা তুলে ধরেছেন। স্পিকার বলেন, তানজানিয়ায় ৫-৯ অক্টোবর বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়নের কনভেনশন অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশ থেকে ১৩ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। এই অধিবেশনে বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের দৃষ্টি আকর্ষণ করেছে এবং অস্ট্রেলিয়া, পাকিস্তান, বাহরাইন, ভুটান, কানাডা ও তুরস্কের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া, হিউম্যান রাইটস কমিশনের সঙ্গে বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন গ্রুপের সঙ্গে সংলাপ করে বাংলাদেশ সাফল্য অর্জন করেছে।