বিসিএস পরীক্ষায় বড় পরিবর্তন আনছে পিএসসি, আসছে যুগোপযোগী সিলেবাস

৪৯তম বিসিএস থেকে চালু হচ্ছে নতুন সিলেবাস। পরীক্ষা পদ্ধতি আরও আধুনিক ও স্বচ্ছ করতে একাধিক সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পিএসসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কমিশনের চেয়ারম্যান মোবাশ্বের মোনেম। এ সময় উপস্থিত ছিলেন পিএসসির সদস্য মো. সুজায়েত উল্যা, মো. নাজমুল আমীন মজুমদারসহ অন্যান্য সদস্যরা।

চেয়ারম্যান মোবাশ্বের মোনেম বলেন, আমরা এমন একটি সিলেবাস প্রণয়ন করছি, যা প্রার্থীদের শুধু বিসিএস নয়, বিশ্বের যেকোনো দেশে নিজেকে যোগ্য করে তুলতে সহায়তা করবে। পিএসসি আরও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে।

তিনি জানান, ফল প্রকাশ দ্রুত ও স্বচ্ছ করতে মৌখিক পরীক্ষায় ব্যবহৃত লিথোকোড ফর্মের ডিজাইন ও মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে চালু করা হবে কমিউনিটি বেইজড ইনভিজিলেশন ব্যবস্থা। উত্তরপত্র পরীক্ষণের নিরপেক্ষতা নিশ্চিত করতে চালু করা হবে ‘সার্কুলার সিস্টেম’।

এ ছাড়া পরীক্ষার্থীদের আঙুলের ছাপ নিয়ে পরিচয় যাচাইয়ের একটি প্রক্রিয়া নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে। প্রবর্তন করা হবে ‘নেক্সট জেনারেশন’ উত্তরপত্র।

চলমান বিসিএস পরীক্ষাগুলোর জট প্রসঙ্গে মোবাশ্বের মোনেম বলেন, ‘বর্তমানে চারটি বিসিএস পরীক্ষা চলমান রয়েছে। এক থেকে দেড় বছরের মধ্যে এসব জট পুরোপুরি নিরসনের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে কোনো পরীক্ষা পেছানো হবে না।’

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা বাতিল না করে আরও কিছু সংখ্যক প্রার্থীকে উত্তীর্ণ করার বিষয়ে পিএসসির সদস্য মো. সুজায়েত উল্যা বলেন, ‘সিআইডি প্রশ্নফাঁসের অভিযোগ তদন্ত করছে। তদন্ত শেষে যারা অবৈধ সুবিধা পেয়েছে, তাদের শনাক্ত করে ফল বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘কয়েকজন অসাধু প্রার্থী যদি মেধাতালিকায় উঠে এসে অন্যদের বঞ্চিত করে থাকে, তবে আরও কিছু প্রার্থীকে উত্তীর্ণ করে সেই বঞ্চনা দূর করা যেতে পারে।’

পিএসসির সদস্য মো. নাজমুল আমীন মজুমদার বলেন, ‘ভারত, শ্রীলঙ্কা ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের সরকারি চাকরির সিলেবাস পর্যালোচনা করে আমাদের নতুন সিলেবাস তৈরি করা হচ্ছে। এতে মুখস্থভিত্তিক প্রশ্ন কম থাকবে। আমরা চাই প্রার্থীরা শুধু সিভিল সার্ভিস নয়, বিশ্ববাজারেও প্রতিযোগিতায় টিকে থাকতে পারেন।’

পিএসসি বলছে, আসন্ন বিসিএসগুলোতে এ পরিবর্তনের প্রতিফলন দেখা যাবে। সংস্কারের এ ধারায় বিসিএস পরীক্ষা আরও আধুনিক, স্বচ্ছ ও সময়োপযোগী হবে বলেই আশা কমিশনের।

All Categories