বিসিবি নির্বাচন স্থগিত না করায় ঘরোয়া ক্রিকেট বর্জনের ঘোষণা ৪৮ ক্লাবের
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক নির্বাচন স্থগিত না করায় ঘরোয়া ক্রিকেটের সব ধরনের প্রতিযোগিতা বর্জনের ঘোষণা দিয়েছে বিদ্রোহী ৪৮টি ক্লাব। একই সঙ্গে নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ‘অবৈধ’ আখ্যা দিয়েছে তারা।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর মাসুদুজ্জামান।
তিনি বলেন,“আমাদের অস্তিত্বকে অস্বীকার করা হয়েছে। তাই আমরা আসন্ন সব প্রতিযোগিতা বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।”
দেশের ঘরোয়া ক্রিকেটের প্রধান ভিত্তি এসব ক্লাব। বিসিবির সাম্প্রতিক নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে যে অংশের সংগঠকরা ভোট বয়কট করেছিলেন, তারা এবার সরাসরি ক্রিকেট কার্যক্রম থেকে নিজেদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিলেন।
এর আগে গত শনিবার ক্লাবগুলো তিন দফা দাবি উত্থাপন করেছিল বিসিবির বর্তমান নির্বাহী পর্ষদের মেয়াদ বাড়িয়ে নির্বাচন পুনঃতফসিল ঘোষণা। বিকল্প হিসেবে বোর্ডের দায়িত্ব অ্যাডহক কমিটির হাতে হস্তান্তর। নতুন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোট আয়োজন।
একই দাবিতে তারা বিসিবির প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছেও স্মারকলিপি পাঠিয়েছিলেন।
তাদের দাবি উপেক্ষা করেই গত ৬ অক্টোবর অনুষ্ঠিত হয় বিসিবির নির্বাচন, যেখানে সভাপতি নির্বাচিত হন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।
সংবাদ সম্মেলনে মাসুদুজ্জামান বলেন, আমরা একই কথা বলতে বলতে ক্লান্ত। ৬ অক্টোবরের নির্বাচনের মাধ্যমে আমাদের অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করা হয়েছে। আমরা বহু সরকার দেখেছি, বিতর্কিত নির্বাচন দেখেছি, রাতের ভোট ও দিনের কারচুপি দেখেছি। কিন্তু এবারের ভোটের মতো প্রকাশ্য প্রহসন আগে কখনও দেখিনি। আমরা সুষ্ঠু ভোট চেয়েছিলাম, কিন্তু আমাদের কথা শোনা হয়নি। তাই ঘরোয়া ক্রিকেট বর্জনের ঘোষণা দিচ্ছি।
তিনি আরও দাবি করেন, বুলবুল অবৈধভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন এবং তাদের ‘বিদ্রোহী সংগঠক’ হিসেবে চিহ্নিত করা অন্যায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল, মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা মাসুদুজ্জামান এবং ক্রীড়া সংগঠক আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ানসহ কয়েকজন ক্লাব প্রতিনিধি।
বিদ্রোহী সংগঠকদের এই ঘোষণার পর ঘরোয়া ক্রিকেট মৌসুম শুরুর আগে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকেরা।