বিষ্ণোই গ্যাংয়ের পরিচয়ে আয়ুষ্মান খুরানার কাছে কোটি টাকা চাঁদা দাবি, অডিও বার্তার কণ্ঠ মিলিয়ে দেখছে মুম্বাই পুলিশ

বিষ্ণোই গ্যাংয়ের পরিচয়ে আয়ুষ্মান খুরানার কাছে কোটি টাকা চাঁদা দাবি, অডিও বার্তার কণ্ঠ মিলিয়ে দেখছে মুম্বাই পুলিশ

বলিউড তারকাদের কাছে একের পর এক হুমকি আসার তালিকায় এবার যুক্ত হলো অভিনেতা আয়ুষ্মান খুরানার নাম। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এক ব্যক্তি নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য দাবি করে অভিনেতার কাছে কোটি টাকা চাঁদা চেয়েছেন। একটি অডিও বার্তার মাধ্যমে এ হুমকি দেওয়া হয় বলে জানা গেছে।

ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। তবে হুমকিদাতা সত্যিই ওই গ্যাংয়ের সঙ্গে যুক্ত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের নথিতে থাকা একই নামের এক ব্যক্তির কণ্ঠের সঙ্গে অডিও বার্তার কণ্ঠ মিলিয়ে দেখছেন তদন্তকারীরা। কণ্ঠ তুলনা করেই তার পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হুমকিদাতার পরিচয় প্রকাশ করা হবে না। ঠিক কত টাকা দাবি করা হয়েছে, সেটিও জানানো হয়নি। এ ঘটনায় আয়ুষ্মান খুরানা এখনো প্রকাশ্যে কিছু বলেননি, তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতিও আসেনি।

সালমান খানের পর বলিউডের আরও অনেক তারকা এমন হুমকি পেয়েছেন। কিছুদিন আগে অভিনেতা তুষার কাপুরের কাছেও ফোন করে ৫ কোটি রুপি দাবি করা হয়েছিল। সে সময়ও ফোনদাতা নিজেকে লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ বলে পরিচয় দেন।

All Categories