বিএনপির স্বাস্থ্য সম্পাদক সাইফুল ইসলামের জন্য কৃত্রিম পা সংযোজনের ব্যবস্থা করেছেন

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঝালকাঠির নবগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলামের জন্য আধুনিক কৃত্রিম পা সংযোজনের ব্যবস্থা করেছেন দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ব্র‍্যাক হেলথ সেন্টারে সাইফুলের কৃত্রিম পা সংযোজন করা হয়।

দীর্ঘদিন ধরে ব্যবহৃত কৃত্রিম পা অকেজো হয়ে যাওয়ায় চলাফেরায় সমস্যায় থাকা সাইফুল এখন লাঠির সাহায্য ছাড়াই স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন।

ব্র্যাক হেলথ সেন্টারের সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়িত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম।

রিজভী বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় দলের নেতাকর্মীদের সাহায্য-সহযোগিতায় এগিয়ে এসেছেন। নেতাকর্মীদের চিকিৎসা ও তাদের শারীরিক অবস্থার খোঁজখবর রাখার ক্ষেত্রে অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম সবসময় আন্তরিক ভূমিকা পালন করেন। তিনি অসুস্থ ও অসহায় নেতাকর্মীদের চিকিৎসার ব্যবস্থা করেন এবং তাদের পাশে দাঁড়ান।

২০০৯ সালে এক সড়ক দুর্ঘটনায় পা হারান সাইফুল ইসলাম। দীর্ঘদিন কৃত্রিম পা ব্যবহার করে চলাফেরা করলেও সেটি অকেজো হয়ে পড়ে। এই সমস্যার কথা স্থানীয় সংরক্ষিত নারী সংসদ সদস্য জেবা আমিন খানের মাধ্যমে অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলামের নজরে আসে। পরে তিনি ব্র্যাক হেলথ সেন্টারের সহযোগিতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সাইফুলের জন্য আধুনিক কৃত্রিম পা সংযোজনের ব্যবস্থা করেন।

সংশ্লিষ্টদের উপস্থিতিতে আধুনিক কৃত্রিম পা সংযোজনের পর সাইফুলের চলাফেরায় স্বস্তি ফিরে আসে। এখন তিনি লাঠির সাহায্য ছাড়াই চলাফেরা করতে পারছেন।

All Categories