বগুড়ায় প্রবাসীর স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা
বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাদুল্লাপুর বটতলা গ্রামে প্রবাসীর স্ত্রী ও কলেজপড়ুয়া ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে নিজ বাড়ি থেকে তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন সেই গ্রামের প্রবাসী ইদরিস আলীর স্ত্রী রানী বেগম (৪০) এবং তাঁদের ছেলে ইমরান হোসেন (১৮)। ইমরান বগুড়া শহরের ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রানী বেগম ছেলেকে নিয়ে বাড়িতে থাকতেন। সোমবার রাতে খাবার খেয়ে তিনি এক কক্ষে এবং ছেলে ইমরান পাশের কক্ষে ঘুমিয়ে পড়েন। সকালে স্বজনেরা এসে বারান্দায় রানী বেগমের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। পাশের কক্ষ থেকে উদ্ধার করা হয় ইমরানের লাশ।
খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুস শুকুর বলেন, রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হত্যার কারণ এখনো স্পষ্ট নয়। বাড়ি থেকে একটি মোটরসাইকেল খোয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।