বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে শাকিব, পাশে বুবলী
দুই বছর আগে সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও ছেলে আব্রাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন ঢালিউড তারকা শাকিব খান। ছেলের শৈশব স্মরণীয় করে রাখতে তখন একসঙ্গে সময় কাটিয়েছিলেন তাঁরা। এবার একই অভিপ্রায়ে যুক্তরাষ্ট্রে গিয়েছেন আরেক ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে সঙ্গী এবার বুবলী।
গত মাসেই যুক্তরাষ্ট্রে পা রাখেন শাকিব খান। শুরু থেকেই শোনা যাচ্ছিল, ছেলে বীরকে নিয়ে বুবলীও যাচ্ছেন সেখানে। শাকিব ভ্রমণের খবর প্রকাশ করলেও বুবলী ছিলেন নীরব। অবশেষে সেই জল্পনা সত্য হলো। রোববার নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘লাইফ ইন ইউএসএ’ ক্যাপশন দিয়ে ছেলেকে নিয়ে শাকিবের সঙ্গে কিছু মুহূর্তের ছবি পোস্ট করেন বুবলী। মুহূর্তেই তা ভাইরাল হয়ে পড়ে।
ছবিগুলোতে শাকিব-বুবলীকে কখনও ছেলের সঙ্গে পার্কে, কখনও রাস্তায় হাতে হাত রেখে হাঁটতে দেখা গেছে। কোনো ছবিতে বুবলীর কাঁধে হাত রেখেছেন শাকিব, কোনো ছবিতে তাঁরা ছেলের সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন হাসিমুখে। এসব ছবি ঘিরে আবারও ভক্তদের মনে প্রশ্ন তবে কি সম্পর্কের বরফ গলছে?
অপু বিশ্বাসের সঙ্গে সম্পর্কের ইতি টানার পর শাকিবের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে ওঠে শবনম বুবলীর। ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর বেবি বাম্পের ছবি প্রকাশ করে বুবলী তাঁদের সম্পর্কের ইঙ্গিত দেন। দুই দিন পর ছেলে শেহজাদ খান বীরের ছবি দিয়ে জানান, তিনি ও শাকিব ২০২০ সালে সন্তানের মা–বাবা হয়েছেন। পরে দুজন মিলে জানান, ২০১৮ সালের ২০ জুলাই তাঁরা বিয়ে করেছিলেন।
তবে সন্তানের খবর প্রকাশ্যে আসার পর অপু বিশ্বাসের মতো বুবলীর সঙ্গেও দূরত্ব তৈরি হয় শাকিবের। একাধিকবার শাকিব বলেছেন, অপু ও বুবলী দুজনেই তাঁর ‘অতীত’। তবে বুবলী কখনো বিচ্ছেদের কথা বলেননি, শুধু জানিয়েছেন তাঁদের মধ্যে সেপারেশন চলছে।
শাকিবের সঙ্গে অপু ও বুবলীর সম্পর্কের ধরন ছিল অনেকটা একই রকম। সিনেমায় কাজ করতে গিয়ে সম্পর্ক, তারপর প্রেম, বিয়ে সবটাই ছিল গোপন। পরে হঠাৎ সন্তানের পরিচয়ের মধ্য দিয়ে আসে সবকিছু প্রকাশ্যে। আবার বিচ্ছেদের পরও সন্তানের ভালো থাকার কথা ভেবে দুজনই শাকিবের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানান।
অপু ও বুবলী—দুজনই নিয়মিত সন্তানদের নিয়ে ছবি ও স্ট্যাটাস দেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কখনো একে অপরকে ঘিরে কটাক্ষ করেও খবরের শিরোনাম হন। তবে কেউ-ই শাকিবের সঙ্গে সম্পর্ক পুরোপুরি শেষ বলেও দাবি করেননি।
বর্তমানে যুক্তরাষ্ট্রে ছেলে বীরের সঙ্গে সময় কাটাচ্ছেন শাকিব ও বুবলী। ঠিক যেমনটা করেছিলেন জয়কে নিয়ে অপু বিশ্বাসের সঙ্গে। এক্ষেত্রে কী শুধুই সন্তানের জন্য এই ভ্রমণ, নাকি সম্পর্কের নতুন অধ্যায়ের ইঙ্গিত এ নিয়ে চলছে আলোচনা। ভক্তরা বলছেন, সময়ই এর সঠিক উত্তর দেবে।