বছর শেষেই ইসরায়েলকে দেওয়া বছরে ৪ বিলিয়ন ডলারের মার্কিন সহায়তা বন্ধের ইঙ্গিত ট্রাম্পের
ইসরায়েলের এখন আর আর্থিক সহায়তার প্রয়োজন নেই, এমন মন্তব্য করে চলতি বছরের শেষে দেশটিকে দেওয়া বছরে প্রায় ৪ বিলিয়ন ডলারের মার্কিন সহায়তা বন্ধের ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৪ নভেম্বর) মার্কিন গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।
মধ্যবর্তী নির্বাচনের দিন সকালে এক টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইসরায়েলকে কেন সবাই ৪ বিলিয়ন ডলার দেওয়া হচ্ছে না, এ প্রশ্ন রাজনৈতিক আলোচনায় ভালো দিক নয়। তার ভাষায়, ইসরায়েল যুক্তরাষ্ট্রের এক নম্বর মিত্র, অন্য যেকোনো দেশের চেয়ে তাদের বেশি দেওয়া হয়, তবে তাদের আর এই অর্থের দরকার নেই।
ট্রাম্প ইঙ্গিত দেন, সহায়তা অব্যাহত রাখার প্রয়োজন যেহেতু নেই, তাই এ ইস্যুতে রিপাবলিকানদের রাজনৈতিক আক্রমণের মুখে পড়ার কারণও নেই। এ প্রসঙ্গে তিনি মিশিগানের ডেমোক্র্যাট সিনেট প্রার্থী আবদুল এল-সায়েদের নাম উল্লেখ করেন।
২০১৮ সালে শুরু হওয়া ১০ বছর মেয়াদি এক সমঝোতা স্মারকের আওতায় যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রতিবছর ৩ দশমিক ৮ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়ে আসছে। চুক্তিটির মেয়াদ ২০২৮ সালে শেষ হওয়ার কথা। এই অর্থ দিয়ে ইসরায়েল মূলত মার্কিন অস্ত্র নির্মাতাদের কাছ থেকে সমরাস্ত্র কেনে।
ট্রাম্প আরও বলেন, ইসরায়েলের অর্থের প্রয়োজন থাকলে তিনি সহায়তা চালু রাখতেন। তবে এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার একটি সমঝোতা হয়েছে বলেও জানান তিনি।