বাসে অগ্নিসংযোগ : ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেলেন চালক
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় একটি পার্ক করা বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে মো. জুলহাস (৪০) নামে এক বাসচালকের মৃত্যু হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ভালুকজান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জুলহাসের বাড়ি ফুলবাড়িয়া উপজেলার ভালুকজান গ্রামে।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকুনুজ্জামান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা আলম এশিয়া পরিবহনের একটি বাস ভালুকজান পেট্রোল পাম্পের পাশে পার্ক করা ছিল। গভীর রাতে বাসের ভেতরে চালক জুলহাস, এক নারী যাত্রী ও তাঁর ছেলে অবস্থান করছিলেন।
ওসি বলেন, ‘রাতের কোনো একসময় একদল দুর্বৃত্ত এসে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘুমন্ত চালক জুলহাস বের হতে পারেননি। তিনি ঘটনাস্থলেই পুড়ে মারা যান।’
তবে বাসের ভেতরে থাকা নারী যাত্রী ও তাঁর ছেলে জানালা ভেঙে বেরিয়ে এসে প্রাণে রক্ষা পান বলে জানান ওসি রোকুনুজ্জামান।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফুলবাড়িয়া থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে দগ্ধ অবস্থায় চালক জুলহাসের মরদেহ উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।