বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত
প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত। আগামী ২৮ জুন থেকে ভিসার আবেদন গ্রহণ শুরু হবে। আর ভিসা দেওয়া শুরু হবে ১ জুলাই থেকে।
বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর যমুনা ফিউচার পার্কে ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
তিনি জানান, ট্যুরিস্ট ভিসার পাশাপাশি বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা কার্যক্রমও চালু থাকবে। আবেদনকারীরা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটের পাঁচটি ভারতীয় ভিসা সেন্টার থেকে এই সেবা নিতে পারবেন।
ভারতের হাইকমিশনার বলেন, ভবিষ্যতে ভিসা সেন্টারের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মেডিকেল ভিসাপ্রত্যাশী, শিশু ও প্রতিবন্ধী আবেদনকারীদের জন্য বিশেষ সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হবে।
এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দেওয়া হয়েছে।
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর সিদ্ধান্তকে দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ, ভ্রমণ ও পর্যটন কার্যক্রম বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।