বাংলাদেশের মানুষ যথেষ্ট ভাগ্যবান ,আমাদের সমুদ্র আছে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন বাংলাদেশের জনগণ অত্যন্ত ভাগ্যবান কারণ আমাদের রয়েছে একটি দীর্ঘ সমুদ্রতীর যা আন্তর্জাতিক ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সম্ভাবনাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটানো সম্ভব যার ফলে সবার জীবনমান উন্নত হবে।

শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারে বাংলাদেশ ইনস্টিটিউট অব এগ্রো ম্যানেজমেন্ট (বিআইএএম) অডিটরিয়ামে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। তিনি এ সময় বাংলাদেশের সামুদ্রিক সম্ভাবনাগুলি তুলে ধরে বলেন বাংলাদেশের দীর্ঘ সমুদ্রতীর রয়েছে এবং বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের সমুদ্রতীরের যেকোনো স্থানে সমুদ্রবন্দর নির্মাণ সম্ভব। যদি আমরা এই সমুদ্রতীরের পুরো সম্ভাবনাটি কাজে লাগাতে পারি তবে আমাদের ব্যবসা-বাণিজ্য দ্রুত বৃদ্ধি পাবে এবং দেশীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে।

কক্সবাজার এখন শুধু একটি পর্যটন শহর নয় এটি দেশের অর্থনৈতিক কেন্দ্র হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এই অঞ্চলে ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলছে যা স্থানীয় জনগণের জীবনে ইতিবাচক পরিবর্তন আনছে।

এ সময় তিনি লবণ উৎপাদনকারীদের সঙ্গে কথা বলে জানতে চান বিদেশি আমদানিকারকরা বাংলাদেশ থেকে লবণ আমদানি করতে আগ্রহী কি না? তিনি দেশের অন্যান্য সম্ভাবনার পাশাপাশি কক্সবাজারে বায়ু বিদ্যুৎ উৎপাদনের পাইলট প্রকল্প নিয়েও আলোচনা করেন এবং বায়ু শক্তির সম্ভাবনাগুলি সম্পর্কে বিস্তারিত জানতে চান।

ড. ইউনূস স্থানীয় জনগণের কাছ থেকে জানতে চান রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে কক্সবাজার অঞ্চলে কি কোনো নেতিবাচক প্রভাব পড়েছে তিনি রোহিঙ্গা ইস্যুতে স্থানীয় জনগণের মতামত শোনার গুরুত্বও তুলে ধরেন যাতে এই সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করা যায়।

এদিনের মতবিনিময় সভায় স্থানীয় জনগণ প্রধান উপদেষ্টার কাছ থেকে তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন এবং বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার বিষয়ে আলোচনা করা হয়।

All Categories