বাংলাদেশে ভ্রমণে কানাডার সতর্কতা, পার্বত্য চট্টগ্রামে ‘সব ধরনের ভ্রমণ এড়ানোর’ পরামর্শ
বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে কানাডা সরকার। হালনাগাদ সতর্কবার্তায় বাংলাদেশকে এখনো ‘উচ্চমাত্রার সতর্কতা অবলম্বন’ পর্যায়ে রেখেছে দেশটি।
কানাডা সরকারের ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, রাজনৈতিক উত্তেজনা, বিচারিক কার্যক্রম ও রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে যেকোনো সময় বিক্ষোভ, সংঘর্ষ ও জনঅস্থিরতা দেখা দিতে পারে। এসব পরিস্থিতিতে হঠাৎ যান চলাচল বন্ধ, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া এবং সহিংস সংঘর্ষের মতো ঘটনা ঘটতে পারে।
এ কারণে বাংলাদেশে অবস্থানরত বা ভ্রমণরত কানাডীয় নাগরিকদের বড় ধরনের জমায়েত ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতেও বলা হয়েছে।
তবে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে আরও কঠোর সতর্কতা বহাল রেখেছে কানাডা। এই অঞ্চলে ‘সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার’ পরামর্শ দেওয়া হয়েছে। সেখানে রাজনৈতিক সহিংসতা, অপহরণ ও সংঘর্ষের ঝুঁকি রয়েছে বলেও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশে অবস্থানরত কানাডীয় নাগরিকদের স্থানীয় সংবাদমাধ্যম নিয়মিত অনুসরণ করতে এবং পরিস্থিতির যেকোনো পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। পাশাপাশি ভ্রমণের আগে সর্বশেষ সরকারি তথ্য যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ নিয়ে গত বছরের সেপ্টেম্বর ও ডিসেম্বরে দুই দফা ভ্রমণ সতর্কতা জারি করেছিল কানাডা সরকার। সর্বশেষ হালনাগাদের মাধ্যমে সেই সতর্কতা আবারও বহাল রাখা হলো।