বাংলাদেশ পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের উদ্যোগ
রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের (পিএসসি) পরিচালনা বোর্ডের ২১তম সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে সরকার একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক ‘সাইবার সিকিউরিটি ইউনিট’ গঠনের পরিকল্পনা করছে। বর্তমানে পুলিশ সদরদপ্তর, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ইউনিট ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মাধ্যমে ডিজিটাল অপরাধের তদন্ত ও ফরেনসিক বিশ্লেষণ করা হলেও স্থায়ী ও সমন্বিত কাঠামোর প্রয়োজন রয়েছে।
মন্ত্রী মঙ্গলবার মিরপুরে পিএসসির পরিচালনা বোর্ডের সভায় সভাপতির বক্তব্যে বলেন, ‘বর্তমানে পুলিশ বাহিনীতে প্রকৌশল, আইটি ও কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের অনেক সদস্য কর্মরত রয়েছেন। তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে সাইবার সিকিউরিটি ইউনিট প্রতিষ্ঠার পরিকল্পনা চলছে।’
তিনি আরও জানান, বর্তমানে অ্যাডহক ভিত্তিতে ডিজিটাল অপরাধের তদন্ত ও ফরেনসিক বিশ্লেষণ করা হচ্ছে, তবে সাইবার অপরাধের ধরন ও পরিধি বাড়তে থাকায় একটি স্থায়ী কাঠামো গড়ে তোলার প্রয়োজন রয়েছে।
সভায় পুলিশ স্টাফ কলেজে ‘মাস্টার্স ইন ফরেনসিক সায়েন্স’ এবং ‘মাস্টার্স ইন ফিন্যান্সিয়াল ক্রাইম অ্যান্ড গভর্ন্যান্স’ কোর্স চালুর বিষয়েও আলোচনা হয়। এছাড়া কলেজের অবকাঠামো উন্নয়ন, বিধিগুলোর সরকারি অনুমোদন, পিএসসির ভূমি ব্যবহারের জন্য এমআরটির প্রস্তাব পর্যালোচনা এবং সার্কভুক্ত দেশগুলোর জন্য প্রশিক্ষণ আয়োজনের বিষয়গুলোও সভায় স্থান পায়।
সভায় পূর্ববর্তী ২০তম পরিচালনা বোর্ড সভার কার্যবিবরণী প্রয়োজনীয় সংশোধন সাপেক্ষে অনুমোদন করা হয় এবং ওই সভায় নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতিও পর্যালোচনা করা হয়।
সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সড়কে যানজট নিরসনে এক সমন্বয় সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা সাময়িক আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। গুলশান ও হাইকোর্ট সংলগ্ন এলাকায় সংঘটিত ঘটনাগুলোর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচলকে যানজটের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করে মন্ত্রী বলেন, তাদের একটি নীতিমালার মধ্যে আনার প্রক্রিয়া চলছে।
সালাহউদ্দিন আহমদ জানান, রাজধানীতে চলমান মেগা প্রকল্পগুলোর কারণে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখার লক্ষ্যে ১৫ দিন পরপর সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ঢাকা সিটি ও এর আশপাশের উন্নয়নমূলক কাজ সমন্বিতভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে নিয়ে এই সভা করা হচ্ছে।
তিনি বলেন, গাবতলী, মহাখালী ও ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড শহরের বাইরে স্থানান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং জমি অধিগ্রহণ ও সার্বিক পরিকল্পনার কাজ শুরু হয়েছে।