আমার প্রিয় নায়কের বুকে আমি নিজেই ছুরি চালাই: মর্গকর্মী রমেশ
ঢালিউডের অমর নায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে ফের চলছে আলোচনার ঝড়। অপমৃত্যুর মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। এর পর থেকেই নতুন নতুন তথ্য উঠে আসছে এ রহস্যঘেরা মৃত্যু নিয়ে।
তেমনই এক আলোচিত ব্যক্তি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক মর্গকর্মী রমেশ, যিনি সালমান শাহর মরদেহে ময়নাতদন্তের সময় ছুরি চালিয়েছিলেন।
তখনকার সেই ভয়াবহ মুহূর্তের কথা স্মরণ করে রমেশ বলেন, ‘আমার প্রিয় নায়কের বুকে আমি নিজেই ছুরি চালাই। ফরেনসিক চিকিৎসকের নির্দেশে সবকিছুই করতে হয়েছিল, কিন্তু কাটতে কাটতে বিশ্বাস হচ্ছিল না সালমান মারা গেছেন।’
বর্তমানে ধর্মান্তরিত হয়ে সেকান্দার নাম ধারণ করেছেন রমেশ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি সালমান শাহর মরদেহ ময়নাতদন্তের সেই দিনের অভিজ্ঞতা শেয়ার করেন।
রমেশ বলেন, চিত্রনায়ক সালমান শাহ ছিলেন লাখো মানুষের প্রিয়। আমি নিজেও তার ভক্ত ছিলাম। হঠাৎ শুনলাম সালমান শাহ মারা গেছেন, মরদেহ আসছে মর্গে। সেদিন ছিল শুক্রবার সরকারি ছুটির দিন। মর্গের সামনে হাজার হাজার মানুষের ভিড়। চোখে জল নিয়ে সবাই অপেক্ষা করছিল প্রিয় নায়কের শেষ দেখা পাওয়ার আশায়।
তিনি আরও বলেন, তখন ঢাকা মেডিকেল কলেজের মর্গ এত আধুনিক ছিল না। পুরনো মর্গেই মরদেহটি আনা হয়। চিকিৎসকের নির্দেশে ময়নাতদন্ত করি আমি। লাশ কাটার সময় মনে হচ্ছিল, যেন নিজের প্রিয় মানুষকেই আঘাত করছি।
৩৫ বছরের চাকরি শেষে এখন অবসরে থাকা এই মর্গকর্মী জানান, হাজার হাজার লাশ কাটার অভিজ্ঞতা আছে আমার, কিন্তু সালমানের লাশে হাত দেওয়ার সেই মুহূর্ত আজও ভুলতে পারিনি।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন সালমান শাহ। তখন তার মৃত্যু ‘আত্মহত্যা’ বলে ঘোষণা করা হয়। তবে শুরু থেকেই সালমানের পরিবার দাবি করে আসছে, এটি হত্যাকাণ্ড। দীর্ঘ ২৮ বছর পর, চলতি বছরের ২০ অক্টোবর আদালত সালমান শাহর মৃত্যুকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।