আমাদের ওপর আক্রমণ করবেন না, কাজ করতে দেন : আইজিপি
দেশের পুলিশ বাহিনীকে তাদের দায়িত্ব পালনে পূর্ণ স্বাধীনতা দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় শিল্প পুলিশ-২ ইউনিটের বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, আমরা এই দেশেরই নাগরিক আমাদের কাজ করতে দিন। আমাদের ওপর আক্রমণ করবেন না। আমাদের কাজ না করতে দিলে কীভাবে সমাজে স্থিতিশীলতা আসবে কীভাবে সুষ্ঠু নির্বাচনের দিকে আগানো যাবে ।
আইজিপি বাহারুল আলম তার বক্তব্যে আরও বলেন ৫ আগস্টের পর আমাদের পুলিশের পরিস্থিতি সবারই জানা। কিছু সিনিয়র অফিসার অতিরিক্ত রাজনৈতিক আনুগত্যের কারণে পুলিশ বাহিনীর সম্মান নষ্ট করেছেন। সারা বিশ্ব এখন প্রশ্ন করছে বাংলাদেশের পুলিশ কেন এমন নির্মম হয়ে উঠল?
শিল্প কারখানার শ্রমিকদের উদ্দেশে বলেন গুজব ছড়িয়ে কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন না। যারা কারখানা ভাঙচুর ও জনদুর্ভোগ সৃষ্টির জন্য দায়িত্ব পালন করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।তিনি শ্রমিকদেরকে রাস্তা অবরোধ বা কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে অনুরোধ জানান যাতে জনগণের চলাচলে কোনো বিঘ্ন না ঘটে।
শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাস প্রদান বিষয়ে মালিকদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার কথা জানান। ২০ মার্চের মধ্যে শ্রমিকদের বেতন এবং বোনাস প্রদান করার ব্যাপারে মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে। ঈদের ছুটিতে শ্রমজীবী মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারেন সে জন্য পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শ্রমিকদের অনুরোধ তারা যেন রাস্তা বন্ধ না করে এবং জনগণের উৎসব পালনে বিঘ্ন না ঘটায়।
পুলিশের কাজ করতে গেলে যখন আক্রমণ করা হয় বা আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে তা অত্যন্ত দুঃখজনক। বিশেষ করে ট্রাফিক পুলিশ যখন বলে আপনি উল্টো দিক দিয়ে আসবেন না আইন মেনে চলুন তখন কেন মানুষ আইন না মানছে কেন তারা মনে করছে পুলিশ জনবিরোধী কাজ করছে পুলিশ ছাড়া একটি সভ্য দেশ চলতে পারে না।
তিনি দেশের জনগণকে সতর্ক করে বলেন অপরাধ দমন এবং শৃঙ্খলা ফিরিয়ে না আনলে কোনো নাগরিক শান্তিতে থাকতে পারবে না। পুলিশ বাহিনী ছাড়া দেশ ঠিকভাবে চলতে পারে না তাই আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করতে সবাইকে সহযোগিতা করতে হবে।
পুলিশের কাজের প্রতি সম্মান এবং সহযোগিতা দেশের শৃঙ্খলা বজায় রাখতে অত্যন্ত জরুরি। জনসাধারণের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন ও শান্তিপূর্ণ সমাজ গঠন সম্ভব নয়।