আ.লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে, সংসদে বিল পাস

আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি এবার আইনি ভিত্তি পেল। আজ বুধবার জাতীয় সংসদে 'সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল ২০২৬' পাস হয়েছে। এর ফলে ক্ষমতাচ্যুত এই দলটির যেকোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা এখন থেকে দেশে আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

বুধবার বেলা সোয়া ১২টার দিকে স্পিকারের সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে বিলটি কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলের ওপর আনা জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবগুলো নিষ্পত্তি করা হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছিল। তৎকালীন অন্তর্বর্তী সরকার এক অধ্যাদেশের মাধ্যমে এই নিষেধাজ্ঞা কার্যকর করে। তবে সেই অধ্যাদেশটিকে স্থায়ী আইনে রূপান্তর করতে ত্রয়োদশ জাতীয় সংসদ কর্তৃক গঠিত বিশেষ কমিটি এটি সংশোধিত আকারে সংসদে পাসের সুপারিশ করে।

সংসদে পাস হওয়া এই নতুন আইনে দলটির কার্যক্রম নিষিদ্ধ রাখার পাশাপাশি এর নেতাকর্মীদের বিচারের আওতায় আনার পথ আরও সুগম করা হয়েছে।

আইন ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিলটি পাস হওয়ার ফলে আওয়ামী লীগের রাজনীতির পথ কেবল রুদ্ধই হলো না, বরং দলটির বিগত আমলের কর্মকাণ্ডের জন্য নেতাকর্মীদের আইনি জবাবদিহিতা নিশ্চিত করার সুযোগ তৈরি হলো। সংশোধিত এই আইনের অধীনে দলটির যেকোনো পর্যায়ের নেতাকর্মীকে বিচারের মুখোমুখি করা যাবে।

All Categories