আখচাষে কার্বন ক্রেডিট থেকে ১২৮ কোটি টাকার সম্ভাবনা দেখছে চিনি করপোরেশন

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) আখ চাষের মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি নতুন আয়ের উৎস হিসেবে ‘কার্বন ক্রেডিট’ ব্যবস্থার মাধ্যমে ১২৮ কোটি টাকার সম্ভাবনা দেখছে। দীর্ঘমেয়াদি লোকসান এবং ঋণের সুদ চাপ সামলাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিএসএফআইসি জানায়, ২০২৫-২৬ অর্থবছরে তাদের অধীনে থাকা জমিতে আখ চাষের মাধ্যমে প্রায় ১১ লাখ ৪৩ হাজার মেট্রিক টন কার্বন ক্রেডিট অর্জন হয়েছে। প্রতি টনের মূল্য ধরা হয়েছে ১ হাজার ১২৪ টাকা, যা মিলিয়ে মোট আর্থিক মূল্য দাঁড়ায় ১২৮ কোটি ৪৭ লাখ ৩২ হাজার টাকা। তবে এই অর্থ এখনও আন্তর্জাতিক স্বীকৃতি ও যাচাইয়ের অপেক্ষায় রয়েছে।

সংস্থাটি আখচাষের পাশাপাশি অব্যবহৃত জমি ও চিনিকলের উপজাত ব্যবহার করে আয় বৃদ্ধির পরিকল্পনাও করছে। বিএসএফআইসির সচিব মোহাম্মদ মুজিবুর রহমান জানান, আখ একটি সি-ফোর শ্রেণির উদ্ভিদ, যা কার্বন ডাই-অক্সাইড শোষণ করে শর্করা উৎপাদন করে। আন্তর্জাতিক গবেষণা পর্যবেক্ষণ করে এ পরিমাণ কার্বন শোষণের হিসাব করা হলেও নিজস্ব পূর্ণাঙ্গ গবেষণা এখনো হয়নি।

বিএসএফআইসি আন্তর্জাতিক পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত দপ্তরের সহযোগিতায় কার্বন ক্রেডিট থেকে অর্থ উপার্জনের চেষ্টা চালাচ্ছে। সেই অর্থ পেলে আখচাষিদের মধ্যে তা বিতরণের পরিকল্পনা রয়েছে। তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিয়ম অনুযায়ী, প্রকৃত কার্বন ক্রেডিট হিসাব ও যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়া জরুরি।

২০২৫-২৬ অর্থবছরে বিএসএফআইসির মোট আয় দাঁড়িয়েছে ১ হাজার ১৪৯ কোটি ৮৬ লাখ টাকা, যেখানে পরিচালন ব্যয় ও ঋণের সুদ মিলে লোকসান হয়েছে ৪৭৬ কোটি ৯৭ লাখ টাকা। সচিব জানান, সরকার নির্ধারিত মূল্যে চিনি বিক্রি করায় উৎপাদন খরচের পুরো টাকা পাওয়া যাচ্ছে না, যা দীর্ঘমেয়াদি লোকসানের কারণ।

All Categories