আজ শেষ টি-টোয়েন্টি, লক্ষ্য পাকিস্তানকে হোয়াইটওয়াশ
প্রথম দুটি ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামছে টাইগাররা। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জিততে পারলে ইতিহাস গড়বে লিটন কুমার দাসের দল।
২০১৫ সালে এক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। তবে এরপর আর কখনো পাকিস্তানের বিপক্ষে একাধিক ম্যাচের সিরিজে জয়ের মুখ দেখেনি টাইগাররা। এবার সেটিই হতে যাচ্ছে প্রথমবারের মতো। লঙ্কায় সিরিজ জয়ের পর ঘরের মাঠেও জয় তুলে নিয়েছে বাংলাদেশ, এবার লক্ষ্য ধবলধোলাই।
অন্যদিকে সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে মরিয়া পাকিস্তান। আগের দুই ম্যাচে যথাক্রমে ৭ উইকেট ও ৮ রানে হেরেছে দলটি। শেষ ম্যাচে সম্মান রক্ষার লড়াইয়ে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না আগা সালমানের দল।
তবে খেলায় উত্তাপের পাশাপাশি মাঠের বাইরেও চলছে আলোচনা মিরপুরের উইকেট নিয়ে। সিরিজ শুরুর আগে বিসিবি ও পিসিবি এই সিরিজকে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ঘোষণা করলেও, স্বল্পরানের উইকেট নিয়ে ক্ষোভ জানিয়েছেন পাকিস্তানি ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্ট।
প্রথম ম্যাচের পর অধিনায়ক সালমান আগা ও কোচ মাইক হেসন উইকেটের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন। দ্বিতীয় ম্যাচে পরাজয়ের পর ফাহিম আশরাফও অভিযোগ করেন, এই উইকেট ব্যাটিংবান্ধব নয়। এমনকি বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন কোচ হেসন। তার মতে, বিশ্বকাপের জন্য রানপ্রসবা উইকেটে প্রস্তুত হওয়া জরুরি, যা এই সিরিজে দেখা যাচ্ছে না।
তবে বিতর্কের মধ্যেও উইকেটের পক্ষেই কথা বলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। শোয়েব আখতার, রমিজ রাজা ও বাসিত আলিরা উইকেট নিয়ে অতিরিক্ত অভিযোগ না করে খেলোয়াড়দের মানিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন।
আজকের ম্যাচেও প্রায় একই ধরনের উইকেট থাকবে বলে ধারণা। তাই ব্যাটারদের আবারও লড়াই করতে হবে ধৈর্য ও কৌশলের পরীক্ষায়। ম্যাচটি জিতলে শুধু সিরিজ জয় নয়, পাকিস্তানের বিপক্ষে নতুন ইতিহাসও লিখবে বাংলাদেশ।