আইসিসির সেরা আম্পায়ার টোফেলকে নিয়োগ দিচ্ছে বিসিবি

দেশি আম্পায়ারদের দক্ষতা বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ লক্ষ্যে আইসিসির এলিট প্যানেলের সাবেক সদস্য ও টানা পাঁচবারের বর্ষসেরা আম্পায়ার সাইমন টোফেলকে নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি। প্রাথমিকভাবে ৩ বছরের জন্য চুক্তি হচ্ছে অস্ট্রেলিয়ার এই খ্যাতিমান আম্পায়ারের সঙ্গে।

বিসিবির বোর্ড সভায় সোমবার (৩০ জুন) এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু সাংবাদিকদের বলেন, ‘সম্প্রতি আমরা আইসিসির সাবেক এলিট আম্পায়ার সাইমন টোফেলের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি বিভিন্ন দেশের আম্পায়ারদের উন্নয়ন নিয়ে কাজ করেন। এমনকি আইসিসির সঙ্গেও যুক্ত আছেন। তার সঙ্গে ৪-৫ মাস ধরে কথা বলার পর বিষয়টি আজ বোর্ডে অনুমোদন পেয়েছে।’

মিঠু আরও জানান, ‘টোফেলের সঙ্গে আমাদের ৩ বছরের পরিকল্পনা রয়েছে। এ সময় তিন ধাপে কাজ হবে। প্রথমে ট্রেনার তৈরি, এরপর দেশজুড়ে আম্পায়ার প্রশিক্ষণ। শুরুতে ১০-১৫ জন আম্পায়ার ট্রেনার গড়ে তোলা হবে, যারা নিজ নিজ অঞ্চলে কাজ করবেন। টোফেলের প্রতিনিধি দল সরাসরি এ কার্যক্রম তদারকি করবেন। তিনিও সময় সময় বাংলাদেশে এসে যুক্ত হবেন।’

তবে এখনো চূড়ান্ত চুক্তি সই হয়নি বলে জানিয়েছেন মিঠু। তিনি বলেন, ‘চুক্তি সই এখনো হয়নি, তবে তিনি সরাসরি যুক্ত আছেন পুরো প্রক্রিয়ায়। কবে কীভাবে কাজ শুরু হবে, তা শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

১৯৯৯ সালে আন্তর্জাতিক ওয়ানডে দিয়ে আম্পায়ারিং শুরু করেন সাইমন টোফেল। ২০০০ সালে টেস্টেও অভিষেক হয় তার। ২০০৩ থেকে ২০১২ সাল পর্যন্ত আইসিসির এলিট প্যানেলে দায়িত্ব পালন করেন তিনি। অ্যাশেজ সিরিজসহ আইসিসির বহু গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব পালন করেছেন টোফেল। ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা পাঁচবার আইসিসির বর্ষসেরা আম্পায়ারের সম্মাননা পেয়েছেন তিনি।

All Categories