Dec 09, 2025
আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের সাত ক্রিকেটার

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের সাত ক্রিকেটার

আসছে ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলাম। বিসিসিআই প্রকাশিত চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের সাত ক্রিকেটার। মোট ১৩৫৫ জন নিবন্ধিত খেলোয়াড়ের মধ্য থেকে বাছাই করে রাখা হয়েছে ৩৫০ জনকে।

ক্রিকবাজ জানিয়েছে, ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে নিলামের সময়সূচি পাঠিয়ে দিয়েছে বিসিসিআই। ভারতীয় সময় বেলা ১টা এবং বাংলাদেশ সময় বিকেল ৩টা থেকে শুরু হবে খেলোয়াড়দের দামে তুলুন তোলার এই উৎসব।

৩৫০ জনের তালিকায় ভারতীয় ক্রিকেটার ২৪০ জন এবং বিদেশি ১১০ জন। ফ্র্যাঞ্চাইজিগুলোর দলে এখনো খালি আছে মোট ৭৭টি স্লট, এর মধ্যে বিদেশি স্লট ৩১টি। সবচেয়ে বেশি পুঁজিসম্পন্ন দল কলকাতা নাইট রাইডার্স— তাদের হাতে আছে ৬৪ কোটি ৩০ লাখ রুপি। দলটি এখনো ১৩ খেলোয়াড় নিতে পারে, যার ছয়জন হতে পারেন বিদেশি।

বাংলাদেশের যে সাত ক্রিকেটার চূড়ান্ত নিলাম তালিকায় আছেন— মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, রাকিবুল হাসান ও শরিফুল ইসলাম। প্রাথমিক তালিকায় থাকলেও সাকিব আল হাসান বাদ পড়েছেন চূড়ান্ত তালিকা থেকে।

সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যে থাকা ৪০ ক্রিকেটারের তালিকায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজুর রহমান। গত মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা এই পেসার আইপিএলে এখন পর্যন্ত ৬০ ম্যাচ খেলেছেন।

বাংলাদেশের বাকি ছয় ক্রিকেটার—রিশাদ, তানজিম, তাসকিন, নাহিদ, রাকিবুল ও শরিফুল— রয়েছেন ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে।

নিলামের আগে ফ্র্যাঞ্চাইজির সুপারিশে নতুন করে তালিকায় যোগ করা হয়েছে আরও ৩৫ জন খেলোয়াড়কে। এর মধ্যে সবচেয়ে আলোচিত দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি কক। তার ভিত্তিমূল্য রাখা হয়েছে ১ কোটি রুপি— আগের নিলামের অর্ধেক। গত মৌসুমে কলকাতা নাইট রাইডার্স তাকে ২ কোটি রুপিতে দলে নিলেও বাজে পারফরম্যান্সের কারণে ছেড়ে দেয়। তবে ভারতের বিপক্ষে সাম্প্রতিক ওয়ানডেতে সেঞ্চুরির পর আবার আলোচনায় ফিরেছেন তিনি।

নতুন তালিকায় আরও জায়গা পেয়েছেন শ্রীলঙ্কার ত্রাভিন ম্যাথু, বিনুরা ফার্নান্দো, কুশল পেরেরা ও দুনিথ ভেল্লালাগে।

বিসিসিআই জানিয়েছে, নিলাম শুরু হবে ক্যাপড খেলোয়াড়দের দিয়ে— ব্যাটার, অলরাউন্ডার, উইকেটকিপার–ব্যাটার, ফাস্ট বোলার ও স্পিন বোলার বিভাগে। এরপর তোলা হবে আনক্যাপড ক্রিকেটারদের।

১৬ ডিসেম্বর আইপিএল নিলামে বাংলাদেশের সাত ক্রিকেটারের ভাগ্য নির্ধারণের দিকে তাকিয়ে থাকবে দেশি ক্রিকেটপ্রেমীরা।

All Categories