আদালতের রায়ে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনের ফলাফল বাতিল করে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেছেন আদালত। বৃহস্পতিবার (২৮ মার্চ) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন। রায়ের সময় ইশরাক হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। তবে নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগ তুলে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন ২০২০ সালের ৩ মার্চ আদালতে মামলা করেন।

এ মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেনসহ মোট আটজনকে বিবাদী করা হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত শেখ ফজলে নূর তাপসের নির্বাচনী গেজেট বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেন।

নির্বাচনের পর ফলাফল গেজেট আকারে প্রকাশ করে তৎকালীন নির্বাচন কমিশন, যার ভিত্তিতে শেখ ফজলে নূর তাপস দায়িত্ব গ্রহণ করেন। তবে সাম্প্রতিক সরকার পরিবর্তনের পর তাঁকে মেয়র পদ থেকে বহিষ্কার করা হয়। বিভিন্ন সূত্রে জানা গেছে, তিনি দেশ ছেড়ে গেছেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে গত বছরের ১৬ অক্টোবর রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয় এবং বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

নির্বাচনী আইন অনুযায়ী, ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংক্ষুব্ধ প্রার্থী নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করতে পারেন। ট্রাইব্যুনাল পরবর্তী ১৮০ দিনের মধ্যে মামলার নিষ্পত্তি করবে। রায়ে সংক্ষুব্ধ ব্যক্তি চাইলে ৩০ দিনের মধ্যে আপিল করতে পারেন, যা আপিল ট্রাইব্যুনাল ১২০ দিনের মধ্যে নিষ্পত্তি করবে।

আদালতের রায়ের পর ইশরাক হোসেন আনুষ্ঠানিকভাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে দায়িত্ব গ্রহণের পথে রয়েছেন।

All Categories